জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক সম্পত্তি নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি সার্বজনীন আন্দোলন। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। তাই কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের এ আন্দোলনের একক কৃতিত্ব দাবি করার সুযোগ নেই।”
শনিবার (৮ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, “আপনারা জুলাইকে বিক্রি করবেন না। জুলাই যে সার্বজনীন একটি আন্দোলন ছিল, সেটিকে সেভাবেই রাখতে হবে। জুলাইয়ের সব শহীদের মর্যাদা রক্ষা করতে হবে, বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে।”
তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে এ আন্দোলনের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা এমপি, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্যাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সাধারণ সম্পাদক মীর হাসান কামাল তাপস।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









