আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে নির্বাচন কমিশন কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সিইসি বলেন, ‘আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল।’ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের যেমন সাংবিধানিক দায়িত্ব রয়েছে, তেমনি পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। পুলিশও জানিয়েছে, একটি গ্রহণযোগ্য (ক্রেডিবল) নির্বাচন নিশ্চিত করতে তারা দায়িত্বশীলভাবে কাজ করবে।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ নির্বাচনের সময় যে পরিস্থিতি ছিল, বর্তমান পরিস্থিতি তার চেয়ে খারাপ নয়। পুলিশের ওপর নির্বাচন কমিশনের আস্থা রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমানে দলীয় সরকার ক্ষমতায় রয়েছে।
এদিকে পুলিশ চাপমুক্ত পরিবেশে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হাসান ফকির বলেন, বর্তমানে দলীয় সরকার থাকলেও এটি একটি গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী কাজ করবে পুলিশ।
গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরানোর বিষয়ে জানতে চাইলে আইজিপি আলী হাসান ফকির বলেন, ‘আমিতো মনে করি আমাদের সাফল্য শতভাগ।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









