বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়া হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের সরকারের এ বিষয়ে আলোচনা হয়েছে। ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। তারা বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।
তিনি জানান, ওমানের আরেকটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর কর্মী নেওয়ার বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
ওমানের ভিসা চালুর বিষয়েও কূটনৈতিকভাবে সরকার চেষ্টা করছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে, যা বিগত সরকারের সময়ে হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিরা যাতে নিয়মিত ওমানে যেতে পারেন, সে চেষ্টা করা হচ্ছে।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ সরকার দক্ষ অভিবাসনের ওপর গুরুত্ব দিচ্ছে। বিষয়টি ওমান সরকারকে জানানো হয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ মানুষ যেন ওমানে গিয়ে বিভিন্ন খাতে কাজ করতে পারেন, সে বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করছে। এ ক্ষেত্রে ওমানও আগ্রহ দেখিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টিও ছিল।
বৈঠকে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









