জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণে জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন জ্বালানি মূল্যের সঙ্গে সমন্বয় করে বাসভাড়া কতটা বাড়ানো হবে, মূলত তা নিয়েই বৈঠকে আলোচনা হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে বিআরটিএর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাস মালিক-শ্রমিকসহ পরিবহণ খাতের সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।
জানা গেছে, বৈঠকে পরিবহণ মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে।
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জ্বালানির দাম কত শতাংশ বাড়লে বাসভাড়া কী হারে বাড়ানো যেতে পারে, সে বিষয়ে আগে থেকেই একটি প্রস্তাবনা রয়েছে। পাশাপাশি পরিবহণ মালিকদের কিছু দাবি-দাওয়াও বৈঠকে তুলে ধরা হবে। এরপর সরকার কী সিদ্ধান্ত নেয়, তা দেখা যাবে।
এর আগে রবিবার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম রবিবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









