গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে প্রকাশ্যে ছিনতাই প্রতিরোধের ঘটনাকে কেন্দ্র করে এক সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল আলিম (২২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ চাপাতি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক মো. শফিকুল ইসলাম শিমুল ঢাকা টুডে ও দৈনিক খবর সংযোগের টঙ্গী প্রতিনিধি হিসেবে কর্মরত।
ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয়দের অভিযোগ, রবিবার রাতে এরশাদনগর ১ নম্বর ব্লকের সমাজকল্যাণ অফিস সংলগ্ন সড়কে রবু (২৮), সাগর (২৫)সহ কয়েকজন প্রকাশ্যে ছিনতাই করছিলেন। বিষয়টি দেখে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ মিয়াসহ স্থানীয় কয়েকজন তাদের প্রতিহত করেন। এতে ক্ষুব্ধ হয়ে পরদিন সকালে রবু ও সাগরের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক শিমুলের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
হামলার সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে আব্দুল আলিমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি চাইনিজ চাপাতি উদ্ধার করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে মিরাজ মিয়ার ওপরও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। মিরাজ মিয়ার দাবি, প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করা হয়। একপর্যায়ে তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে গুলি করার চেষ্টা করা হয়।
ঘটনার পর এরশাদনগর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, একটি ছিনতাইয়ের ঘটনা প্রতিহত করার জেরে পরপর দুটি হামলার ঘটনা ঘটেছে। তারা ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









