কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। এ ঘটনায় নিরাপত্তার কারণে প্রায় আধা ঘণ্টা বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়। তবে সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল।
বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে জরুরি বার্তা পাঠান।
জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির ওজন কমাতে আকাশে কয়েকবার চক্কর দেন পাইলট। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে চক্কর দেয়। তখন এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।
এদিকে সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। একই সঙ্গে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি উদ্ধারকারী দল।
সবশেষে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন। বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









