বিমানবাহিনীর বরখাস্ত হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুরহস্য উদ্ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ। নিখোঁজ হওয়ার আগে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে ওই তরুণীর সঙ্গে তাহসিফকে দেখা যায়। এদিকে এ ঘটনায় করা হত্যা মামলায় তার জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়েছে আদালত।
পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে’ এক তরুণীকে নিয়ে যান তাহসিফ। সিসিটিভি ফুটেজে তাদের সঙ্গে দীপকেও দেখা গেছে। সেখানে তারা প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। ২৪-২৫ বছর বয়সী ওই তরুণীকে শনাক্তের চেষ্টা চলছে।
জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, টঙ্গীর মাজার বস্তি এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। তবে কেন তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন এবং এরপর কী ঘটেছিল, তা এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। দীপের বক্তব্যে অসংগতি পাওয়ায় সেগুলো যাচাই করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার রাতে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার রাতে তাকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই রাতে তাহসিফের বাবা এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। শনিবার আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দীপের ডাকে উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন বিকেলে রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পকেটে থাকা মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করে পুলিশ।
এদিকে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সংগঠন রাওয়া। শনিবার সংগঠনটির নেতারা তাহসিফের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









