রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

১৮ জেলায় হামের টিকা দেওয়া শুরু আজ

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ এএম

আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪১ এএম

১৮ জেলায় হামের টিকা দেওয়া শুরু আজ

দেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে হাম রোগ। বিশেষত শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। হামের বিস্তার প্রতিরোধে আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। এ সময় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেন এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং যশোরসহ মোট ১৮টি জেলার ৩০টি উপজেলাকে এই বিশেষ কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়েছে। মূলত যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেখানেই এই জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, টিকাদান কেন্দ্রের নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে স্বাস্থ্যমন্ত্রী একটি বিশেষ নির্দেশনা দিয়ে বলেছেন, যেসকল শিশু অসুস্থ শুধু তারাই ভিটামিন-এ ক্যাপসুলটি পাবে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, অনেক অভিভাবকের মনে প্রশ্ন থাকতে পারে, আগে টিকা নেয়া থাকলে আবারও দেয়া যাবে কি না। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা ইতিপূর্বে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছেন, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবেন। একাধিকবার এই টিকা নিলেও শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা হওয়ার ঝুঁকি নেই।

যে ১৮ জেলার ৩০ উপজেলায় রোববার হামের টিকা দেয়া হবে—
বরগুনা (বরগুনা পৌরসভা ও সদর), পাবনা (পাবনা পৌরসভা ও সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া), চাঁদপুর (চাঁদপুর পৌরসভা ও সদর, হাইমচর), কক্সবাজার (মহেশখালী, রামু), গাজীপুর (গাজীপুর সদর), চাঁপাইনবাবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর, শিবগঞ্জ, ভোলাহাট), নেত্রকোনা (আটপাড়া), ময়মনসিংহ (ময়মনসিংহ সদর, ত্রিশাল, তারাকান্দা, শ্রীনগর), রাজশাহী (গোদাগাড়ী), বরিশাল (মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ), নওগাঁ (পোরশা), যশোর (যশোর পৌরসভা ও সদর), নাটোর (নাটোর সদর), মুন্সীগঞ্জ (মুন্সীগঞ্জ পৌরসভা ও সদর, লৌহজং), মাদারীপুর (মাদারীপুর পৌরসভা ও সদর), ঢাকা (নবাবগঞ্জ), ঝালকাঠি (নলছিটি), শরীয়তপুর (জাজিরা)।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.