রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম

আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম

বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এর আওতায় নগরীর কাউনিয়া নগর মাতৃসদনে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি টিকাদান ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় এই কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ হাম-রুবেলা টিকা মজুদ রয়েছে এবং প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এ কর্মসূচি বিস্তৃত করা হবে বলেও জানান তিনি।

এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, হাম-রুবেলা নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে এবং নির্ধারিত সময়ে শিশুদের টিকা দিতে হবে। টিকাই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় বলেও উল্লেখ করেন তিনি।

উদ্বোধনের পরপরই টিকাকেন্দ্রে শিশুদের মাঝে টিকা প্রদান শুরু হয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের চারটি উপজেলায় ইতোমধ্যে টিকাদান কার্যক্রম চালু হয়েছে এবং ধাপে ধাপে অন্যান্য উপজেলায়ও এটি সম্প্রসারণ করা হবে।

এদিকে বরিশাল স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৪ এপ্রিল পর্যন্ত বিভাগে হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হাম রোগে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পর্যন্ত বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৪৮৫ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২৮১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬১২ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম-রুবেলার বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। 

সংশ্লিষ্টরা আশা করছেন, সমন্বিত উদ্যোগ ও ব্যাপক টিকাদান কার্যক্রমের মাধ্যমে দ্রুত এ রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.