দেশের প্রথম কোনো শিল্পপ্রতিষ্ঠান হিসেবে শতভাগ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের বৈশ্বিক কর্পোরেট উদ্যোগ ‘আরই১০০’ এ আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে দেশের অন্যতম শীর্ষ বহুমুখী শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ।
আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘ক্লাইমেট গ্রুপ’র পরিচালনায় পরিচালিত এই বৈশ্বিক প্ল্যাটফর্মে বিশ্বের ৪০০টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। ২০৫০ সালের মধ্যে নিজেদের কার্যক্রমে শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্য নিয়ে কাজ করছে এসব প্রতিষ্ঠান।
আরই১০০-এর সদস্য হওয়ার মাধ্যমে আকিজ বশির গ্রুপ তাদের নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে আরও পরিকল্পিত, পরিমাপযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার সুযোগ পেল।
বর্তমানে আকিজ বশির গ্রুপের পার্টিকেল বোর্ড, সিরামিকস ও গ্লাসসহ বিভিন্ন উৎপাদন কেন্দ্রে প্রায় ৯০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হলো:
আকিজ সিরামিকস (ত্রিশাল): ২৪.৩৯ মেগাওয়াট পিকের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে বছরে প্রায় ২৮,০৫০ মেগাওয়াট-ঘণ্টা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে, যা বার্ষিক প্রায় ২২,৪৪০ টন কার্বন নিঃসরণ কমাবে। এর ১০ মেগাওয়াট ইতোমধ্যে নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে।
আকিজ বশির গ্লাস (হবিগঞ্জ): এখানে ১৮.২ মেগাওয়াটের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি ব্যাটারি এনার্জি স্টোরেজ সুবিধা রয়েছে। এছাড়া ‘ওয়েস্ট হিট রিকভারি’ প্রযুক্তির মাধ্যমে কারখানাটির মোট শক্তি ব্যবহারের ৭১% নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করা হচ্ছে।
জনতা জুট মিলস ও আকিজ পার্টিকেল বোর্ড মিলস: জনতা জুট মিলসের ছাদভিত্তিক সোলার সিস্টেম মিলটির সম্পূর্ণ বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে। অন্যদিকে, পার্টিকেল বোর্ড মিলে ৮.১ মেগাওয়াট পিকের সোলার প্রজেক্টের মাধ্যমে বছরে ৭,৪দূর কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা রয়েছে।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর সঙ্গে অংশীদারিত্ব এবং বর্জ্য তাপ পুনরুদ্ধার ও পানির পুনর্ব্যবহারের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে চলেছে গ্রুপটি।
এ বিষয়ে আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন বলেন, “বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এই বৈশ্বিক উদ্যোগে যোগ দিতে পেরে আমরা গর্বিত। ১০০% নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যে এটি আমাদের একটি অগ্রণী পদক্ষেপ। ব্যবসার ভবিষ্যৎ গড়ে উঠতে হবে প্রবৃদ্ধি ও দায়িত্বশীলতার সমন্বয়ে। এই প্রতিশ্রুতির মাধ্যমে আমরা বাংলাদেশে আরও পরিবেশ-বান্ধব ও মজবুত শক্তি ব্যবস্থার রূপান্তরে অবদান রাখতে চাই।”
‘আগামীর সীমানা ছাড়িয়ে’—এই মূল নীতিকে সামনে রেখে আকিজ বশির গ্রুপ শিল্পখাতের প্রবৃদ্ধিকে আরও টেকসই, সবুজ ও নবায়নযোগ্য শক্তিনির্ভর করে তুলতে তাদের এই ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









