৫ আগস্ট ২০২৬। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নতুন এক প্রতীকী অর্থ পেল। শেখ হাসিনার সাবেক সরকারি বাসভবন গণভবন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে যাত্রা শুরু করেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি, দলিল, আলোকচিত্র ও বিভিন্ন নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনের মধ্য দিয়ে যে ভবন একসময় রাষ্ট্রক্ষমতার অন্যতম প্রতীক ছিল, সেটিই এখন পরিণত হয়েছে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্থানে।
গণভবনের এই রূপান্তরের তাৎপর্য একটি ভবনকে জাদুঘরে পরিণত করার চেয়ে অনেক বড়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা গণভবন ছেড়ে দেশত্যাগ করার পর সেখানে জনতার ব্যাপক প্রবেশ ঘটেছিল। সেই দৃশ্য বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত। আজ সেই স্থানেই জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত হচ্ছে। ফলে এই জাদুঘরের প্রতিটি কক্ষ ও প্রদর্শনীর সঙ্গে একটি গভীর রাজনৈতিক ও মানবিক ইতিহাস জড়িয়ে আছে।
আমি এখনো নিজে জুলাই জাদুঘরে যাইনি। বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে এর কিছু অংশ দেখেছি। সেসব দেখে নিজের চোখে পুরো জাদুঘরটি দেখার আগ্রহ আরো বেড়েছে। ঢাকা গেলে অবশ্যই সেখানে যাওয়ার ইচ্ছা আছে। তবে দূর থেকে দেখা এসব চিত্রের মধ্যেই একটি বিষয় আমাকে ভাবিয়েছে। সেটি হলো, দর্শনার্থীদের জন্য জাদুঘরটি দেখার একটি সুস্পষ্ট ধারাবাহিকতা এখনো যথেষ্ট দৃশ্যমান নয়। একজন মানুষ জাদুঘরে ঢুকে প্রথমেই জানতে চান; কোথা থেকে শুরু করব? কোন কক্ষ আগে দেখব? এরপর কোথায় যাব? কোন প্রদর্শনী কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? কোনটি আগে ঘটেছে, কোনটি পরে? শেষ পর্যন্ত কোথায় গিয়ে প্রদর্শনী শেষ হবে?
একটি সংবাদ প্রতিবেদনে একজন সাংবাদিককেও বলতে শুনেছি, তিনি কোথায় কী আছে তার সঠিক দিশা পাচ্ছিলেন না। বিভিন্ন ভবন ও কক্ষে প্রদর্শনী সাজানো হয়েছে, কিন্তু পুরো জাদুঘরটি কীভাবে ধারাবাহিকভাবে দেখা যাবে; তার একটি সুস্পষ্ট নির্দেশনা দর্শনার্থীদের জন্য থাকা দরকার। এটিকে আমি অবশ্যই বড় কোনো ব্যর্থতা হিসেবে দেখছি না।
জাদুঘরটি মাত্র যাত্রা শুরু করেছে। নতুন একটি প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনায় আনতে সময় লাগে। কর্মীদের অভিজ্ঞতা অর্জন করতে হয়, দর্শনার্থীদের চলাচল ও আচরণ বুঝতে হয় এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে অনেক কিছু পরিবর্তন করতে হয়। কিন্তু শুরু থেকেই দর্শনার্থীর অভিজ্ঞতার বিষয়টি গুরুত্ব দেওয়া জরুরি। আমার মনে হয়, জাদুঘরের প্রবেশমুখেই একটি বড় ও সহজবোধ্য ‘ভিজিটর গাইড’ বা মানচিত্র থাকা উচিত। সেখানে স্পষ্টভাবে দেখানো যেতে পারে; কোথা থেকে শুরু হবে, কোন ক্রমে কোন কক্ষ দেখতে হবে, কোন তলায় কী আছে এবং কোথায় প্রদর্শনী শেষ হবে। প্রতিটি কক্ষের নম্বর ও সংক্ষিপ্ত পরিচয়ও থাকা দরকার। এর পাশাপাশি একটি তথ্যসমৃদ্ধ কিন্তু সহজবোধ্য 'ব্রুশিয়ার' প্রকাশ করা যেতে পারে।
সেখানে গণভবনের ঐতিহাসিক পটভূমি, জুলাই গণঅভ্যুত্থানের সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি, বিভিন্ন কক্ষের অবস্থান, গুরুত্বপূর্ণ নিদর্শনের পরিচয় এবং পুরো জাদুঘর দেখার প্রস্তাবিত ক্রম তুলে ধরা যেতে পারে। এতে দর্শনার্থী এলোমেলোভাবে এক কক্ষ থেকে আরেক কক্ষে ঘুরবেন না। বরং একটি নির্দিষ্ট ধারাবাহিকতা অনুসরণ করে পুরো ঘটনাপ্রবাহটি বুঝতে পারবেন। কারণ, জাদুঘর কেবল কিছু ছবি, দলিল বা পুরনো জিনিস দেখানোর স্থান নয়। একটি ভালো জাদুঘর দর্শনার্থীকে একটি সময়ের মধ্য দিয়ে হাঁটায়। তাকে ঘটনার পটভূমি বোঝায় এবং শেষ পর্যন্ত একটি উপলব্ধির জায়গায় নিয়ে যায়। 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর'-এর ক্ষেত্রেও এই ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একজন দর্শনার্থী যেন বুঝতে পারেন; কোন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা থেকে আন্দোলনের সূত্রপাত, কীভাবে আন্দোলন বিস্তৃত হলো, কীভাবে সংঘাত তীব্র হলো, কীভাবে দমন-পীড়নের ঘটনা ঘটল, মানুষ কীভাবে প্রতিরোধে অংশ নিল এবং শেষ পর্যন্ত কীভাবে ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তন ঘটল। অর্থাৎ জাদুঘরের গল্পের একটি শুরু, মধ্যভাগ এবং পরিণতি থাকা দরকার। প্রদর্শনীগুলো যদি বিচ্ছিন্নভাবে দেখা হয়, তাহলে অনেক মূল্যবান নিদর্শন সামনে থাকার পরও দর্শনার্থীর কাছে সামগ্রিক ইতিহাসটি অস্পষ্ট থেকে যেতে পারে। কর্মীদের প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিবেদনে জাদুঘরের কর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথোপকথনের কিছু দৃশ্য দেখেছি। কোথায় কী আছে; এ বিষয়ে একজন কর্মীকে খুব একটা পরিষ্কার ধারণা দিতে দেখা যায়নি; আরেকজন কিছুটা বোঝানোর চেষ্টা করেছেন।
এটিকেও এই মুহূর্তে বড় সমস্যা হিসেবে দেখছি না। নতুন জাদুঘরের কর্মীদেরও অভিজ্ঞতা সঞ্চয়ের সময় দিতে হবে। তবে ধীরে ধীরে প্রত্যেক কর্মীকে জাদুঘরের প্রতিটি অংশ সম্পর্কে পর্যাপ্ত ধারণা দিতে হবে। একজন দর্শনার্থী প্রশ্ন করলে কর্মী যেন সহজেই বলতে পারেন; আপনি এখান থেকে শুরু করুন, এরপর এই কক্ষে যান, তারপর এই তলায় উঠুন। প্রয়োজনে প্রযুক্তিকেও কাজে লাগানো যেতে পারে। গুরুত্বপূর্ণ কক্ষ ও নিদর্শনের পাশে কিউআর কোড রাখা যেতে পারে। দর্শনার্থী মোবাইল ফোন দিয়ে স্ক্যান করলে সংশ্লিষ্ট ঘটনা, ছবি, ভিডিও, দলিল বা সাক্ষাৎকার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এতে জাদুঘরের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হবে।
তবে প্রযুক্তির চেয়েও গুরুত্বপূর্ণ হলো ইতিহাস উপস্থাপনের শৃঙ্খলা। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের অত্যন্ত আবেগঘন একটি অধ্যায়। এর সঙ্গে মানুষের ক্ষোভ, প্রতিবাদ, আত্মত্যাগ, স্বজন হারানোর বেদনা এবং রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। তাই জাদুঘরে আবেগ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই আবেগের পাশাপাশি তথ্য, দলিল, সময়ক্রম ও ঐতিহাসিক প্রেক্ষাপটের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। কারণ, আজকের দর্শনার্থীর পরের প্রজন্ম এই জাদুঘরকে শুধু স্মৃতি দেখার স্থান হিসেবে দেখবে না; গবেষণার একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও ব্যবহার করবে। তাই প্রতিটি প্রদর্শনীর সঙ্গে যথাসম্ভব নির্ভরযোগ্য তথ্য ও প্রাসঙ্গিক ব্যাখ্যা থাকা জরুরি। আমার কাছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সবচেয়ে বড় সম্ভাবনা এখানেই। এটি যেন শুধু একটি রাজনৈতিক ঘটনার স্মৃতিসৌধ না হয়ে ওঠে; বরং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষমতা ও জনগণের সম্পর্কের একটি স্থায়ী পাঠশালা হয়ে ওঠে।
ইতিহাস আমাদের দেখিয়েছে, কোনো শাসক যখন নিজেকে জনগণের ঊর্ধ্বে ভাবতে শুরু করেন, তখন ক্ষমতার সঙ্গে জনগণের দূরত্ব বাড়ে। নিজেকে অপরিহার্য মনে করা, বিরোধী মতকে শত্রু হিসেবে দেখা, জবাবদিহিকে অস্বীকার করা এবং রাষ্ট্রকে ব্যক্তিগত ক্ষমতার উপকরণে পরিণত করার প্রবণতা শেষ পর্যন্ত স্বৈরতন্ত্রের জন্ম দেয়। বাংলাদেশও এ অভিজ্ঞতা থেকে মুক্ত নয়। ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। ২০২৪ সালেও মানুষ আবার রাস্তায় নেমেছে। দুই সময়ের রাজনৈতিক বাস্তবতা এক নয়; কিন্তু শিক্ষা অভিন্ন; কোনো শাসক জনগণের ঊর্ধ্বে নন।
বিশ্ব ইতিহাসও একই সতর্কবার্তা দেয়। হিটলারের মতো ফ্যাসিবাদী শাসকের উত্থান দেখিয়েছে, ক্ষমতার কেন্দ্রে ব্যক্তিপূজা, বিরোধী মতের দমন এবং জনগণের ওপর রাষ্ট্রীয় নিপীড়ন কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই জুলাই জাদুঘরের দেয়ালে শুধু অতীতের ছবি ঝুলবে না; সেখানে ভবিষ্যতের জন্যও একটি সতর্কবার্তা থাকা উচিত। কোনো শাসক যদি একদিন ক্ষমতার চূড়ায় উঠে নিজেকে সাধারণ মানুষের চেয়ে অসাধারণ ভাবতে শুরু করেন, জনগণের অধিকারকে তুচ্ছ করেন কিংবা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন, তাহলে যেন তাঁর মনে এই জাদুঘরের কথা আসে।
তিনি যেন মনে করেন, গণভবন একদিন ক্ষমতার প্রতীক ছিল, সেটিই আজ ইতিহাসের সাক্ষী। ক্ষমতা স্থায়ী নয়। কোনো শাসকই চিরস্থায়ী নন। জনগণই শেষ পর্যন্ত রাষ্ট্রের শক্তির উৎস। জুলাই জাদুঘর তাই শুধু অতীতের ক্ষোভ ও প্রতিরোধের স্মৃতি হয়ে থাকুক- এটি চাই না। এটি হয়ে উঠুক গণতন্ত্র, জবাবদিহি, জনগণের অধিকার এবং ক্ষমতার সীমাবদ্ধতার একটি স্থায়ী শিক্ষাকেন্দ্র। জাদুঘরটি মাত্র শুরু হয়েছে।
তাই কিছু ব্যবস্থাপনাগত অসংগতি, দর্শনার্থীদের চলাচলে বিভ্রান্তি কিংবা কর্মীদের অনভিজ্ঞতা থাকতেই পারে। সময়ের সঙ্গে এসব নিশ্চয়ই অনেকটা দূর হবে। কিন্তু এখন থেকেই দর্শনার্থীদের জন্য একটি সুসংগঠিত দর্শনপথ, তথ্যসমৃদ্ধ ব্রুশিয়ার, সুস্পষ্ট নির্দেশনা এবং প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা দরকার। কারণ মানুষ জাদুঘরে যায় শুধু দেখার জন্য নয়; যায় জানার জন্য, শেখার জন্য এবং উপলব্ধি করার জন্য। জুলাই জাদুঘর থেকে একজন দর্শনার্থী যেন শুধু কিছু ছবি দেখে ফিরে না যান। তিনি যেন বুঝে ফিরে যান; কী ঘটেছিল, কেন ঘটেছিল, মানুষ কেন রাস্তায় নেমেছিল এবং ক্ষমতার অহংকারের পরিণতি কী হতে পারে।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সবচেয়ে বড় সাফল্য হবে সেদিন, যেদিন কোনো ভবিষ্যৎ শাসক নিজেকে জনগণের চেয়ে বড় ভাবতে শুরু করার আগে এই জাদুঘরের কথা স্মরণ করবেন। তখন এই জাদুঘর শুধু অতীতের স্মৃতি সংরক্ষণ করবে না; ভবিষ্যতের স্বৈরাচার ঠেকাতেও একটি নীরব ভূমিকা রাখবে। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই; শাসককে অসাধারণ হওয়ার দরকার নেই; তাঁকে সৎ, জবাবদিহিমূলক এবং সাধারণ মানুষের একজন হয়ে থাকাই যথেষ্ট।
লেখক : সিনিয়র সাংবাদিক ও শিশুসাহিত্যিক


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









