বিএনপি নেতা মো. রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি—যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
সোমবার (২০ জুলাই) রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।’
তিনি আরও লেখেন, ‘বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









