ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া ও কেন্দ্র দখল এবং নারীদের হেনস্তা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শেষ পর্যন্ত পাহারাদারের ভূমিকায় থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান।
পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘প্রিয় দেশবাসী,
গতকাল থেকেই আপনারা সকল গুজবকে পরাজিত করেছেন এবং ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন। আজ সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে।
কিন্তু, আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা হচ্ছে। নারীদের হেনস্তা করা হচ্ছে। বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হচ্ছে।
আমরা দেশবাসীকে অনুরোধ করবো, যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, সেভাবেই ফলাফল আসার আগ পর্যন্ত আপনারা আপনাদের ভোটকে রক্ষা করুন। আপনার মূল্যবান ভোটটি যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য আপনারা ভোটকেন্দ্রগুলোর পাহারাদার হয়ে যান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।
আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা এখন পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখার জন্য। কিন্তু, আরও তড়িৎ পদক্ষেপ প্রয়োজন বলে দেশবাসী মনে করে। আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকে কঠোর হস্তে দমন করার উদাত্ত আহ্বান জানাই। জনগণের ভোটের আমানতকে রক্ষা করুন। জনগণের পাশে থাকুন।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









