আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দুই প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে আবু সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দল সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনেক জায়গায় ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে প্রার্থীও ঘোষণা করা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনেও জামায়াত নির্বাচনে অংশ নেবে। এ দুই সিটির জন্য সাংগঠনিকভাবে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে গণমাধ্যমে ইতোমধ্যে ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমের নাম প্রার্থী হিসেবে এসেছে।
মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির। জামায়াতে যোগ দেওয়ার আগে তিনি দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
সম্প্রতি বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ এবং ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির আওতায় খাল পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় উপস্থিতি জানান দিয়েছেন সেলিম উদ্দিন।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমের নাম জানানো হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেন। পরে ২০২৫ সালের সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।
সাদিক কায়েম ২০২৪ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। পরবর্তীতে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন।
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পাওয়া সাদিক কায়েমকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন আদায়ের পরিকল্পনা করছে জামায়াতে ইসলামী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









