বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান জামিন পাননি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক কারণে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন গোলাম পরওয়ার। আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, আখতারুজ্জামানের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, সেটি জামিনযোগ্য হলেও আদালতে তার জামিন নামঞ্জুর করা হয়েছে। বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই এমনটি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ৭৫ বছর বয়সী আখতারুজ্জামান একজন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হওয়ার পরও তাকে ডিভিশন দেওয়া হয়নি। তিনি অসুস্থ, কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আমরা অবিলম্বে তার ডিভিশনের আদেশ কারাগারে পাঠানোর দাবি জানাচ্ছি।
রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিচারকরাও ডিভিশন দিতে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে দাবি করে গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলায় তাকে গ্রেপ্তার করা সাধারণ কোনো ঘটনা নয়। সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে নির্দেশনা ছাড়া এমনটি ঘটতে পারে না। জামায়াতে যোগ দেওয়ার কারণে আক্রোশ থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আদালত চত্বরে আখতারুজ্জামানকে ঘিরে বিএনপির আইনজীবীদের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগও করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, আইনজীবীরা হাতাহাতিতে জড়িয়েছেন। আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে যাওয়া তার আত্মীয়-স্বজনের ওপরও বিএনপির নেতা-কর্মী ও আইনজীবীরা হামলা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, আওয়ামী ফ্যাসিবাদের যুগে আদালতে যে ধরনের ঘটনা ঘটানো হতো, আমরা এখন তারই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি।
বিমানবন্দরের অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে ট্রলি পাওয়া যায় না এবং লাগেজ পেতে কয়েক ঘণ্টা পর্যন্ত দেরি হয়। আখতারুজ্জামান এসব অনিয়ম নিয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। পরে এ কারণেই তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, সরকারের একজন মন্ত্রী মধ্যরাতে বিমানবন্দরে গিয়ে সেদিনের ঘটনা নিয়ে জাতির সামনে অসত্য কথা বলে শপথ ভঙ্গ করেছেন।
তিনি বলেন, মন্ত্রী সৎ হলে বিমানবন্দরের অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাদের প্রত্যাহার করতেন এবং মামলা করতেন। কিন্তু তা না করে অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করা এক কর্মকর্তাকে দিয়ে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দাও জানান জামায়াতের এই নেতা।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ সংগঠনের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









