জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত আলোচনা সভা বয়কট করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সুপার ফাইভের বাইরে থাকা নেতাদের একটি বড় অংশ। অনুষ্ঠানে বাকি নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ না রাখায় ক্ষোভ প্রকাশ করে সভায় অংশ না নিয়ে ঢাবির টিএসসি মিলনায়তনের বাইরে অবস্থান নেন তারা।
রবিবার (৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ ঘটনা ঘটে।
প্রোগ্রাম বয়কট করা বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের গুরুত্বপূর্ণ সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকদের বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়নি। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সুপার ফাইভের নেতাদের পাশাপাশি অন্য ইউনিটের নেতারাও মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একাধিক সহ-সভাপতি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সুপার ফাইভ মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেও কেন্দ্রীয় নেতারা সেখানে বক্তব্য দিতে পারেন না। অথচ এটি কেন্দ্রীয় ছাত্রদলেরই অনুষ্ঠান। তাই তারা সর্বসম্মতিক্রমে এই প্রোগ্রাম বয়কট করেছেন।
তাদের অভিযোগ, কেন্দ্রীয় সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ না রাখায় তারা ক্ষুব্ধ হয়েছেন। এ কারণে সভায় অংশ না নিয়ে মিলনায়তনের বাইরে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে, কেন্দ্রীয় নেতাদের একটি অংশের বয়কটের মধ্যেই টিএসসি মিলনায়তনে আলোচনা সভা চালিয়ে যান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









