যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় বিয়ের সাজে থাকা ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- যশোরের শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।
পুলিশ জানায়, কিশোরীর বাবা-মা অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে নানির বাড়িতে থাকতো। সম্প্রতি নানিও তাকে বাড়ি থেকে বের করে দেন। এ অবস্থায় রাফেজা আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। পরে রাফেজা ও সেন্টু তাকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিয়ে আসেন।
এ সময় বিয়ের সাজে কিশোরীকে বসে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে ওই নারী ও পুরুষ সেখানে ফিরে এলে স্থানীয়রা তাদের পরিচয় ও কিশোরীকে সেখানে আনার কারণ জানতে চান। সন্তোষজনক জবাব না পেয়ে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার এবং দুজনকে আটক করে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বিয়ের নামে কিশোরীকে পাচারের প্রস্তুতি চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









