চট্টগ্রামের রাউজানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনা প্রকাশ্যে আসার পর সেলিম উদ্দিন চৌধুরীকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে রাউজান পৌরসভার একটি এলাকায় ৮ থেকে ১০ জনের একটি দল ব্যানার নিয়ে কয়েক সেকেন্ডের ঝটিকা মিছিল করে। মিছিলটি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বলে দাবি পুলিশের। এতে সামনে থেকে নেতৃত্ব দেন সজীব উদ্দিন চৌধুরী।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন চৌধুরী। মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে ওই মিছিলের প্রায় ১৮ ঘণ্টা পর একই এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে নাশকতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে। চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে হাটহাজারীর দিকে পালিয়ে যায়। পরে পুলিশ জ্বলন্ত টায়ারের আগুন নিভিয়ে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সহযোগিতায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল জানান, রাত সোয়া ১২টার দিকে এক অটোরিকশাচালকের মাধ্যমে সড়কে টায়ার জ্বালানোর খবর পান তাঁরা। খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। তবে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন বলেন, ছত্তার ব্রিজ এলাকায় কিছু লোক টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব ঘটনা প্রতিরোধে তাঁরা মাঠে রয়েছেন।
অন্যদিকে ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সামনে আসার পর সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কদলপুর ইউনিয়ন বিএনপি।
ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম জানান, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক ছিলেন। এর আগে তিনি যুবদলের দায়িত্বেও ছিলেন। তাঁর ছেলের কর্মকাণ্ডের বিষয়ে তাঁকে আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি ছেলেকে এসব কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারেননি। এ কারণে সোমবারের ঘটনার পর তাঁকে কার্যত দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী দলীয় সভায় তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।
রাতের নাশকতার ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









