সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আগামী তিন কার্যদিবসের মধ্যে আসিফ মাহমুদের সকল ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) বিএফআইইউ’র পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক এবং বিভিন্ন নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে ছাত্রজীবন শুরু করলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে মূল আলোচনায় আসেন আসিফ মাহমুদ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। পরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়।
অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজনকে তখন মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা করা হয়। তাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথমে শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সামলান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন। ধারণা করা হচ্ছিল, ঢাকা-১০ আসন থেকে তিনি প্রার্থী হতে পারেন। তবে কিছুদিন ওই এলাকায় তৎপরতা চালিয়ে শেষ পর্যন্ত নির্বাচনে না দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দলটির নির্বাচনী কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









