কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের একটি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে ৪ হাজার কোটি ডলারের চুক্তি করেছে স্পেসএক্স। চুক্তি অনুযায়ী, অ্যাপোলোর ওই প্রতিষ্ঠান এআই চিপ ও সার্ভার সরঞ্জাম কিনে স্পেসএক্সকে ভাড়া দেবে। চুক্তিতে মূল অর্থ পরিশোধের পরিমাণ প্রায় ৪০ বিলিয়ন ডলার।
সোমবার (২৬ অক্টোবর) স্পেসএক্স এ তথ্য জানিয়েছে। নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথি অনুযায়ী, সরঞ্জাম বুঝে পাওয়ার দিন থেকে প্রতিটি ইজারার মেয়াদ পাঁচ বছরের কিছু বেশি হবে।
চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযান পরিচালনার উচ্চাভিলাষী পরিকল্পনার অর্থ জোগাতে স্পেসএক্স কম্পিউটিং সক্ষমতার ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগাতে চাইছে। এ জন্য প্রতিষ্ঠানটির বড় অঙ্কের ব্যয়ের বিষয়টিও এই চুক্তির মাধ্যমে সামনে এসেছে। চলতি বছরের শেষ নাগাদ চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে স্পেসএক্সের। চিপ সরবরাহ পাওয়ার পর ২০২৭ সালের প্রথমার্ধে ইজারার মেয়াদ শুরু হওয়ার কথা।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানান, গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) কেনার জন্য ৪০ বিলিয়ন ডলারের ঋণ অর্থায়ন চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, এই অর্থায়নের বড় অংশই প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে সরবরাহ পাওয়ার কথা থাকা চিপগুলোর জন্য। চলতি প্রান্তিকে এটি বড় কোনো প্রভাব ফেলবে না।

স্পেসএক্সের প্রধান অর্থ কর্মকর্তা ব্রেট জনসেন জানিয়েছেন, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মূলধনি ব্যয় ৩৫ থেকে ৪০ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চলতি মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এনভিডিয়ার চিপ কেনার জন্য ৪০ বিলিয়ন ডলার সংগ্রহ করতে ব্যাংক ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করছিল স্পেসএক্স।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









