দুইবার এগিয়ে গিয়েও জয়ের দেখা পেল না নেদারল্যান্ডস। অন্যদিকে, হার না মানা মানসিকতা আর দুর্দান্ত লড়াকু ফুটবলের প্রদর্শনীতে ম্যাচ বাঁচাল জাপান। পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে এশিয়ান পরাশক্তিরা।
ডালাসে রোববার রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ভার্জিল ফন ডাইকের গোলে পিছিয়ে পড়ার পর, সমতায় টানেন নাকামুরা। কিছুক্ষণ পর দারুণ নৈপুণ্যে নেদারল্যান্ডসকে আবার এগিয়ে নেন সামারভিল। দ্বিতীয়বার ম্যাচে সমতা ফেরান দাইচি কামাদা।
পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি হয়নি। পজেশন রাখার পাশাপাশি আক্রমণের বিচারেও বেশিরভাগ সময় পিছিয়ে ছিল এশিয়ার দলটি; তবে শেষ দিকে সমতায় ফিরতে খুব চেষ্টা করে তারা, তাতে সাফল্যও ধরা দেয়।
দুই দলই গোলের জন্য ১০টি করে শট নেয়; নেদারল্যান্ডস লক্ষ্যে রাখতে পারে ছয়টি, জাপান তিনটি।
শুরুতেই প্রতিপক্ষের রক্ষণে হানা দেয় ডাচরা। তৃতীয় মিনিটে তারা গোলও পেতে পারতো। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে শরীরটা ঘুরিয়ে বুলেট গতির শট নেন ডোনিয়েল মালেন, বল সোজাসুজি আসলেও কোনোমতে বাইরে পাঠান গোলরক্ষক।
প্রথমার্ধে তিনটি লক্ষ্যভ্রষ্ট শট নেওয়া জাপান ৫৭তম মিনিটে প্রথমবার লক্ষ্যে শট নিয়েই গোল পেয়ে যায়। তাকেফুসা কুবোর কাটব্যাক ধরে একটু পিছু হটে ডি-বক্সের বাইরে বেরিয়ে শট নেন নাকামুরা, বল একজনের পা ছুঁয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
জাপানিজদের স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি। সাত মিনিট পরেই দারুণ নৈপুণ্যে দলকে আবার এগিয়ে নেন সামারভিল। খ্রাফেনবের্খের পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে, জায়গা বানিয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন এই উইঙ্গার।
এই মাসের আগে কখনও জাতীয় দলে খেলার সুযোগ পাননি সামারভিল, সরাসরি ডাক পান বিশ্বকাপ দলে। দুটি প্রস্তুতি ম্যাচে খেলার পর, বিশ্বকাপ অভিষেকে আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোলের স্বাদ পেলেন তিনি।
তার ওই গোলে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল নেদারল্যান্ডস। কিন্তু নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে দৃশ্যপট বদলে দেন কামাদা।
গোলটির মূল কৃতিত্ব যদিও কোকির। কর্নারে সবার ওপরে লাফিয়ে হেড করেন কিছুক্ষণ আগে বদলি নামা এই ফরোয়ার্ড, বল সামনে কামাদার মাথায় লেগে একটু দিক পাল্টে ঠিকানা খুঁজে পায়।
উল্লাসে ফেটে পড়ে জাপান, জোর সম্ভাবনা জাগিয়েও জিততে না পারার হতাশায় নুইয়ে পড়ে নেদারল্যান্ডস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









