২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত যুবারা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত আগে ব্যাটিং করে তুলেছে ৪১১ রান। জবাবে ইংল্যান্ডকে ৩১১ রানে অলআউট করে ভারত বয়সভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় তাদের ষষ্ঠ শিরোপা জিতে নেয়।
হারারে ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক আয়ুস মাত্রে।
ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ রান করে আউট হন ওপেনার অ্যারন জর্জ। দ্বিতীয় উইকেটে নামেন দলনেতা মাত্রে। তাকে নিয়েই ক্রিজে ব্যাটিং তাণ্ডব চালান ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ৯০ বলে দুজন মিলে গড়েন ১৪০ রানের জুটি। ৫৩ রানে থামেন মাত্রে। এরপর ভেদেন্ত ক্রিভেদীকে নিয়ে মাত্র ৩৯ বলে ৮৯ রানের জুটি গড়েন বৈভব। তাতেই মাত্র ২৫ ওভারেই ২৫০ রানের সংগ্রহ পেয়ে যায় ভারত।
মাত্র ৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে যুব বিশ্বকাপের ফাইনালে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়েন বৈভব। তার ইনিংস থামে ১৭৫ রানে। মাত্র ৮০ বলে খেলা তার এই ইনিংসটি ১৫টি করে চার ও ছয়ে সাজানো। যা যুব ওয়ানডের কোনো ফাইনাল বা নকআউট ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত। আগের রেকর্ড ছিল ২০২৫ এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে সামির মিনহাসের ১৭২ রান। এটি যে কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনাল মিলিয়ে সূর্যবংশীর ইনিংসটি ব্যক্তিগত সর্বোচ্চ।
এরপর ভেদেন্ত ৩২, ভিয়ান ৩০, অভিজ্ঞান ৪০, এব্রিস ১৮, চৌহান ৩৭, খিলান ৩, হেনিল ৫ ও দিপেশ ০ রান করেন।
ইংল্যান্ডের হয়ে জেমস মিন্টো সর্বোচ্চ তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন সেবিস্টেইন মরগান ও অ্যালেক্স গ্রিন। আর একটি উইকেট নেন ম্যানি লুমসডেন।
৪১২ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুত রান তাড়ায় ব্যস্ত ছিল ইংল্যান্ড। তাদের রানের গতি ছিল ঠিকই, কিন্তু উইকেট পতনের ধারা থামাতে পারেনি ইংল্যান্ড। তাতেই ক্রমান্বয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে ইংলিশরা। এক পর্যায়ে অসহায় আত্মসমর্পণ করে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
সেঞ্চুরির দেখা পেয়েছেন ক্যালেব ফেলকোনের। মাত্র ৬৭ বলে তিনি করেন ১১৫ রান। ফিফটির দেখা পেয়েছেন ওপেনার বেন ডাওকিনস। আউট হওয়ার আগে করেন ৫৬ বলে ৬৬ রান। এছাড়া বেন মেয়ার্স ৪৫, থমাস রে ৩১ ও জেমস মিন্টো ২৮ রান করেন।
ভারতের হয়ে আরএস এব্রিস নেন তিনটি উইকেট। দিপেস ও চৌহান নেন দুটি করে উইকেট। একটি করে উইকেটের দেখা পেয়েছেন দুজন বোলার।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ৪১১/৯ (সূর্যবংশী ১৭৫, আয়ুশ ৫৩; মিন্টো ৩/৬৩, গ্রিন ২/৪৯)
ইংল্যান্ড: ৪০.২ ওভারে ৩১১ (ফালকনোর ১১৫, ডকিন্স ৬৬; অ্যামব্রিশ ৩/৫৬, চৌহান ২/৬৩)
ফল: ভারত ১০০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: বৈভব সূর্যবংশী। টুর্নামেন্টসেরা: বৈভব সূর্যবংশী


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









