মার্কিন টেনিস তারকা কোকো গফকে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন এলেনা রিবাকিনা। ফাইনালে তার প্রতিপক্ষ আরিয়ানা সাবালেঙ্কা। ফলে এবারের ইউএস ওপেনের শিরোপা জিততে নারী টেনিসের শীর্ষ দুই তারকা মুখোমুখি হচ্ছেন।
আগামী সপ্তাহের সোমবার থেকে নারী টেনিসের র্যাঙ্কিংয়ে সাবালেঙ্কাকে সরিয়ে এক নম্বরে ওঠা নিশ্চিত করেছেন রিবাকিনা। শনিবার তার সামনে ইউএস ওপেনের সর্বশেষ আসরে জেতা সাবালেঙ্কার কাছ থেকে ট্রফিটি কেড়ে নেওয়ার সুযোগ। বেলারুশের এই খেলোয়াড় গত দুই বছর ধরে টানা শিরোপা জিতেছেন। অন্যদিকে, প্রথমবার ইউএস ওপেন জয়ের লক্ষ্যে নামবেন কাজাখস্তানের তারকা রিবাকিনা।
নারী এককের প্রথম সেমিফাইনালে জেসিকা পেগুলাকে ৭-৫, ৬-২ গেমে হারান সাবালেঙ্কা। প্রথম সেটে তাদের লড়াই ছিল বেশ সমানে সমান। তবে দ্বিতীয় সেটে দাপট দেখিয়ে ম্যাচটি জিতে নেন সাবালেঙ্কা। এরপর তিনি বলেন, ‘কোনো অভিযোগ নেই। আমি শুধু খুব খুশি যে এমন টেনিস খেলতে পেরেছি।’
দ্বিতীয় সেমিফাইনালটি ছিল তুলনামূলকভাবে বেশি লড়াইপূর্ণ। শেষ দুই সেটে পিছিয়ে পড়া গফ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু রিবাকিনা তাকে পুরোপুরি ম্যাচে ফিরতে দেননি। ফাইনাল নিশ্চিতের পর দ্বিতীয় নম্বর বাছাই বলেন, ‘আমি গভীরভাবে শ্বাস নিলাম, নিজের সঙ্গে ইতিবাচকভাবে কথা বলার চেষ্টা করলাম এবং নিজেকে বললাম, আমাকে লড়াই করতে হবে এবং ভালো টেনিস দেখানোর চেষ্টা করতে হবে।’
চলতি বছরের শুরুতে রিবাকিনা অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। এরপর গ্রীষ্মে সাবালেঙ্কার খারাপ ফলের সুযোগ নিয়ে এক নম্বর হওয়ার দৌড়ে এগিয়ে যান তিনি। নিউইয়র্কে সেমিফাইনালে উঠতেই সাবালেঙ্কাকে টপকে শীর্ষস্থান দখল করবেন, তা আগেই নিশ্চিত ছিল। এর আগপর্যন্ত টানা ৯৯ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাবালেঙ্কা। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনেও সাবালেঙ্কাকে হারিয়েছিলেন রিবাকিনা। শনিবার তার সামনে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের সুযোগ।
অন্যদিকে, ১৯৭৫ সালের পর এবারই প্রথম ইউএস ওপেনের নারী এককে শীর্ষ চার বাছাইয়ের সবাই সেমিফাইনালে উঠেছেন। সাবালেঙ্কা, রিবাকিনা ও গফ—তিনজনই একাধিক গ্র্যান্ড স্লাম জিতেছেন। পেগুলা এখনও প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপার অপেক্ষায়। এ ছাড়া শনিবার ফাইনালে জিতলে ২০১৪ সালের পর টানা তিনবার ইউএস ওপেন জেতা প্রথম খেলোয়াড় হবেন সাবালেঙ্কা। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সেরেনা উইলিয়ামসের পর আর কেউ এই কীর্তি গড়তে পারেননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









