দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের স্বাক্ষর জাল করে ভুয়া নাগরিক সনদ তৈরি করে ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। মামলার পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, মুন্সিগঞ্জের লৌহজং থেকে মুহিব হোসেন বেরাডল নামের এক যুবক বিরামপুর নির্বাচন অফিসে এসে বিরামপুরের ঠিকানা ব্যবহার করে একটি ভুয়া নাগরিক সনদ দিয়ে বৃহস্পতিবার বিকেলে ভোটার হওয়ার চেষ্টা করেন। তার দাখিল করা সনদে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোছা. তানজিনা খাতুনের স্বাক্ষর জাল করা হয়েছে—এমন সন্দেহে মুহিবের পিতা মনির হোসেনকে (৫২) আটক করা হয়। পরে মনির হোসেনের স্বীকারোক্তির ভিত্তিতে জাল সনদ তৈরিকৃত বিরামপুর নতুন বাজার সুমন কম্পিউটারের স্বত্বাধিকারী সাইদুর জামান সুমনকে (৩৮) ডেকে এনে আটক করা হয়।
এ ঘটনায় বিরামপুর পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর রিয়াজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা দায়ের করেন। স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে ভুয়া সনদকে আসল হিসেবে ব্যবহারের অভিযোগে মামলার পর সুমনের দোকানের কম্পিউটার ও স্ক্যানার জব্দ করা হয়েছে।
বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি করে নাগরিক সনদ তৈরিরসংক্রান্ত মামলায় আটক দুই ব্যক্তিকে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









