জাতীয় দলের কোচ হিসেবে অস্থায়ীভাবে কাজ করার অভিজ্ঞতা আছে খালেদ মাহমুদ সুজনের। সুযোগ পেলে আবারও জাতীয় দলের কোচ হতে চান তিনি। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
সাম্প্রতিক সময়ে দেশি কোচদের অধীনে ভালো ফল পাচ্ছে বাংলাদেশ। একসময় বাংলাদেশ ক্রিকেট পুরোপুরি বিদেশি কোচদের ওপর নির্ভরশীল ছিল। এখন সেই পরিস্থিতি বদলাচ্ছে। এই পরিবর্তনে খুশি খালেদ মাহমুদ সুজন।
বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্টের পরামর্শক হিসেবে কাজ করছেন সুজন। কোচ হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি বলেন, দেশি কোচদের এখন সব জায়গায় মূল্যায়ন করা হচ্ছে। দেশের ক্রিকেটের জন্য এটি ভালো লক্ষণ।
সুজন বলেন, ‘খুবই খুশি যে আজকাল বাংলাদেশ দলে আশরাফুল, তালহা, সালাউদ্দিন, সোহেল—অনেককে দেখতে পাচ্ছি। এটা আমার মনে হয় ভালো শুরু। আমাদের হাই পারফরম্যান্স দলে এখন সালাউদ্দিন দায়িত্ব নিচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। জুনিয়র পর্যায়েও হান্নান আছে। সুতরাং এটা খুবই ভালো শুরু।’
তিনি আরও বলেন, ‘এটা এমন কোনো কঠিন বিষয় নয় যে শুধু অস্ট্রেলিয়ানরাই ক্রিকেট ভালো শেখাতে পারবে, বাঙালিরা পারবে না। এটা আমি সবসময় বিশ্বাস করি। আমি খুশি যেভাবে এগোচ্ছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এখান থেকে অনেক বড় বড় কোচ তৈরি হবে, যারা একসময় হয়তো বিদেশেও কাজ করবে।’
বিসিবি চাইলে আবারও জাতীয় দলের সঙ্গে কাজ করতে রাজি আছেন সুজন। তিনি বলেন, ‘বোর্ড যদি কোনো সময় মনে করে আমি সক্ষম, তাহলে অফার করলে অবশ্যই ভেবে দেখব। কিন্তু এখন প্রেসিডেন্ট আমাকে গেম ডেভেলপমেন্ট পরামর্শক হিসেবে দায়িত্ব দিয়েছেন। তিনি হয়তো ভেবেছেন, আমি এখানে ক্রিকেট বোর্ডকে আরেকটু বেশি সহায়তা করতে পারব। সেজন্য তাকে ধন্যবাদ। আমি আমার যতটুকু সম্ভব চেষ্টা করব, অভিজ্ঞতা শেয়ার করার।’
প্রধান কোচ সিমন্সকে সহায়তা করতে পারবেন, এমন একজনকেই সহকারী কোচ হিসেবে দেখতে চান সুজন। তিনি বলেন, ‘সিমন্স কী দেখছে, আমাদের ব্যাটিংটা বিশেষভাবে দেখছে। একজন স্পিন বোলিং কোচ লাগবে, একজন ফাস্ট বোলিং কোচ লাগবে, একজন ফিল্ডিং কোচ লাগবে। এদের যোগ করেই সহকারী কোচ বলা যায়। এত লোক না বাড়িয়ে এভাবেই কাজ চলতে পারে।’
দীর্ঘদিন পর আবার টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। তাকে নিয়েও আশাবাদী সুজন। তিনি বলেন, ‘শান্ত এখন অভিজ্ঞ। আমি মনে করি নিশ্চিতভাবেই এই ফরম্যাটে তার ভালো খেলার সামর্থ্য আছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









