চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪১ পিস ভারতীয় ইয়াবা, ২২ বোতল নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ, দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় হুমায়ুন (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২২ বোতল চকোপ্লাস সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করে ৫৩ বিজিবির মনাকষা বিওপির টহলদল।
এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান চালিয়ে হুমায়ুনকে ৪১ পিস ইয়াবা, একটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ আটক করে বাখেরআলী বিওপির টহলদল।
বিজিবি জানায়, জব্দ করা ইয়াবা, চকোপ্লাস সিরাপ, মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬১ হাজার ১০০ টাকা। আটক হুমায়ুনসহ ইয়াবা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল সদর থানায় এবং চকোপ্লাস সিরাপ ও অপর মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।
বিজিবি আরও জানায়, চলতি সেপ্টেম্বর মাসে বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ ১৮৮ বোতল এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল চকোপ্লাস সিরাপ, ২৮ বোতল ফেনসিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









