রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল মঙ্গলবার এক দিনের সফরে সিলেটে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন তিনি। বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর তিনি যাবেন হযরত শাহজালাল (রহ.) মাজারে। দুপুরে হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত শেষে বিকেলে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতির সফর ঘিরে নগরবাসীর মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি বলেন, নাগরিক সংবর্ধনায় সেই প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
রাষ্ট্রপতির সফর ঘিরে নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সফর নির্বিঘ্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রায় ১২০০ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবেন প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ। র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় সফরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির সফরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা হয়েছে। এসএসএফের সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের সমন্বয় সভার নির্দেশনা অনুযায়ী নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারসহ নগরের গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









