জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলামের দারুণ গোলে এগিয়ে যায় দল।
দ্বিতীয় কোয়ার্টারে আরও একটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় রোমান সরকারের নেতৃত্বাধীন দল। বাংলাদেশের এই দাপুটে জয়ে বড় ভূমিকা রাখেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। দুজনই জোড়া গোল করেন। এছাড়া বাংলাদেশের হয়ে অপর গোলটি করেন মাহবুব হোসেন।
পুরো ম্যাচেই আক্রমণাত্মক হকি উপহার দেয় জিমি-আমিরুলরা। দাপুটে পারফরম্যান্সে বাংলাদেশ ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে কোণঠাসা করে রাখে।
প্রবল চাপের মুখে শ্রীলঙ্কার হয়ে কেবল একটি গোল শোধ করতে সক্ষম হন কুশল। তবে সেই গোল শুধু ব্যবধান কমিয়েছে, বাংলাদেশের দাপুটে জয় ঠেকাতে পারেনি।এশিয়ান গেমসে নিজেদের প্রথম জয় পাওয়ায় স্বাভাবিকভাবেই ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ শিবির।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









