এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। নিজের হিটে চতুর্থ হলেও ভালো টাইমিংয়ের সুবাদে পরের ধাপে জায়গা করে নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার জাপানে নাগোয়া সিটির মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে পাঁচ নম্বর হিটে দৌড়ান ইমরানুর। ১০.৪৯ সেকেন্ডে দৌড় শেষ করে হিটে চতুর্থ হন এই প্রবাসী অ্যাথলেট। তবে ছয়টি হিটের সম্মিলিত ফলাফলে সেরা ২৪ জনের মধ্যে থাকায় সেমিফাইনালে ওঠার সুযোগ পান তিনি।
দৌড় শুরুর আগে কিছুটা বিষণ্ন দেখাচ্ছিল ইমরানুরকে। বুটের ফিতা ঠিক করা এবং লাফঝাঁপ করে নিজেকে প্রস্তুত করার দৃশ্যও দেখা যায় পর্দায়। দৌড় শুরু হলে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মেলাতে পারেননি তিনি। একপর্যায়ে পিছিয়ে পড়ে নিজের হিটে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে।
নিজের হিটে সরাসরি পরের ধাপে ওঠার সুযোগ হাতছাড়া হলেও টাইমিংয়ের কারণে শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নেন ইমরানুর। পাঁচ নম্বর হিটে তৃতীয় হওয়া প্রতিযোগীর চেয়ে মাত্র ০.৩২ সেকেন্ড পিছিয়ে ছিলেন তিনি।
ষষ্ঠ ও শেষ হিটের দৌড় শেষ হওয়ার পর নিশ্চিত হয় ইমরানুরের সেমিফাইনালে ওঠা। ছয়টি হিট মিলিয়ে সেমিফাইনালে জায়গা পাওয়া ২৪ অ্যাথলেটের মধ্যে ২২তম হয়েছেন ইংল্যান্ডপ্রবাসী এই বাংলাদেশি স্প্রিন্টার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









