দক্ষিণ উপকূলীয় অঞ্চল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় এক চরম ভোগান্তি ও অনিশ্চয়তার নাম রক্তের অভাব। উপজেলায় সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় মুমূর্ষু রোগীদের জরুরি মুহূর্তে রক্তের জন্য স্বজনদের দিশেহারা হয়ে ছুটতে হয়। সময়মতো রক্ত জোগাড় করতে না পেরে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন প্রদীপ নিভে যাওয়ার মতো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়।
জরুরি মুহূর্তে রক্তের চাহিদা মেটাতে রোগীদের মূলত ভরসা করতে হয় বিভিন্ন স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, ফেসবুকভিত্তিক ব্লাড ডোনার গ্রুপ এবং পরিচিত ব্যক্তিগত রক্তদাতাদের ওপর।
স্থানীয় রক্তদাতা সজীব মিত্র অভিযোগ করে বলেন, “দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে জরুরি মুহূর্তে অনেক সময় রক্তের ডোনার খুঁজে পাওয়া যায় না। আবার পাওয়া গেলেও রক্ত সংগ্রহ ও তা স্থানান্তরের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা নেই। ফলে রোগীকে বাঁচাতে গিয়ে রক্তদাতারও কালঘাম ছুটে যায়। উপকূলীয় অঞ্চলের পাঁচ লাখ মানুষের জীবন সুরক্ষায় এখানে অবিলম্বে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ ব্লাড ব্যাংক স্থাপন করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।”
মঠবাড়িয়া বেতমোর বন্ধুমহল ব্লাড ডোনার্স সংস্থা এর উপদেষ্টা মোঃ বেলালা নাজীম বলেন, “স্থানীয় বন্ধুদের নিয়ে গড়া বেতমোর বন্ধুমহল ব্লাড ডোনার্স সংস্থা স্বেচ্ছাশ্রমে রক্তদান করে থাকে। আমাদের প্রায় দুই শতাধিক ব্লাড ডোনার আছে।”
ব্লাড সংকটের কথা স্বীকার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌমিত্র সিনহা রায় বলেন, “সরকারিভাবে মঠবাড়িয়ায় নির্দিষ্ট কোনো ব্লাড ব্যাংক বা ব্লাড স্টোরেজ সুবিধাসম্পন্ন ব্যবস্থা নেই। জরুরি পরিস্থিতিতে বিশেষ করে ‘নেগেটিভ’ গ্রুপের রক্ত বা দুর্লভ ক্যাটাগরির রক্তের প্রয়োজন হলে রোগী ও তাদের স্বজনদের বর্ণনাতীত ভোগান্তিতে পড়তে হয়। মঠবাড়িয়ার সার্বিক চিকিৎসাসেবার গুণগত মান বাড়াতে এবং জরুরি রোগীর প্রাণ বাঁচাতে সরকারি বা বেসরকারি উদ্যোগে দ্রুত একটি প্রাতিষ্ঠানিক ব্লাড ব্যাংক স্থাপন অত্যন্ত জরুরি।”
উপকূলীয় এই উপজেলার সাধারণ মানুষ ও বিশিষ্টজনেরা অবিলম্বে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আধুনিক ব্লাড ব্যাংক স্থাপনের দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









