ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় মজুরি বৈষম্যের প্রতিবাদ ও ন্যায্য অধিকার দাবি করায় ৩০ জন শ্রমিককে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং ছাঁটাইকৃতদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শ্রমিকরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার বগাবাড়ী আব্দুস সামাদ টাওয়ার সংলগ্ন এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার গাজীরচট মুন্সিপাড়া এলাকায় অবস্থিত জায়ান্ট স্টার ফ্যাশন লিমিটেড কারখানায় বেআইনিভাবে ৩০ জন শ্রমিককে ছাটাই করা হয়।
মানববন্ধনে শ্রমিকরা জানান, কারখানায় পর্যাপ্ত কাজ থাকার পরও কর্তৃপক্ষ নিজস্ব মুনাফার লোভে বাইরের সাবকন্ট্রাক্টে কাজ করাচ্ছে। যেখানে কারখানার নিজস্ব শ্রমিকদের কাজের রেট দেওয়া হয় ৩৪ টাকা, সেখানে সাবকন্ট্রাক্টের শ্রমিকদের দেওয়া হয় ৪২ টাকা। এছাড়া ৮ থেকে ৯ মাস কাজ করার পরও অনেক শ্রমিককে কারখানার পরিচয়পত্র দেওয়া হয়নি। এমনকি নাইট ডিউটি করালেও নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে।
শ্রমিকরা আরও জানান, কারখানার কিছু কমকর্তারা এসব অনিয়ম ও বৈষম্যের বিষয়ে কথা বলায় গত বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষ বহিরাগত লোক দিয়ে অন্তত ৩০ জন শ্রমিককে জোরপূর্বক কারখানা থেকে বের করে দেয় (চাকরিচ্যুত করে)। এরই প্রতিবাদে শুক্রবার রাস্তায় নামেন তারা।
কর্মসূচিতে উপস্থিত থেকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলাম বলেন, অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের সকল পাওনা পরিশোধ এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অধিকার চাইতে গেলে বহিরাগত লোক দিয়ে শ্রমিকদের বের করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা শ্রম মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং মালিকপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









