প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গে নতুন চুক্তি করেছেন কোচ মিকেল আর্তেতা। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত তিনি এমিরেটস স্টেডিয়ামে থাকবেন বলে বুধবার জানিয়েছে ক্লাবটি। চলতি মৌসুমের শেষে স্প্যানিশ এই কোচের আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
৪৪ বছর বয়সী আর্তেতা বলেন, ‘‘ক্লাবের সঙ্গে নিজের ভবিষ্যৎ জুড়তে পেরে এবং আর্সেনালের সর্বোচ্চ ভালো চান, এমন অসাধারণ মানুষদের সঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি সম্মানিত।’’
তিনি আরও বলেন, ‘‘এই ক্লাব অনন্য। এর চরিত্র এবং এটি যেভাবে অনুভূতি জাগায়, তা আলাদা। আমাদের পথচলা চলবে, এটা আমার জন্য বড় সম্মানের। আমরা ইতিমধ্যে এক বিশেষ বন্ধন গড়ে তুলেছি এবং এমন স্মৃতি তৈরি করেছি, যা সারা জীবন থাকবে। সবচেয়ে উত্তেজনার কথা হলো, একসঙ্গে যা অর্জন করতে পারি, এটি তার শুরু মাত্র।’’
২০১৯ সালের ডিসেম্বরে আর্সেনালের দায়িত্ব নেন আর্তেতা। তার হাত ধরে ক্লাবটি ইংলিশ ফুটবলের শীর্ষে ফিরেছে।
গত মৌসুমে ২২ বছর পর লিগ শিরোপা জিতেছে আর্সেনাল। একই মৌসুমে দুই দশকের মধ্যে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও ওঠে দলটি, তবে পিএসজি পেনাল্টি শুটআউটে তাদের হারায়।
চলতি মৌসুমে আর্সেনাল প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে আছে। শীর্ষে থাকা ম্যান সিটির চেয়ে তারা তিন পয়েন্ট পিছিয়ে। আন্তর্জাতিক বিরতির আগে ব্রাইটনের কাছে ৩-০ গোলে অপ্রত্যাশিত হার তাদের এই ব্যবধান তৈরি করেছে।
আর্সেনালের সহ-সভাপতি স্ট্যান ও জশ ক্রোয়েনকি যৌথ বিবৃতিতে বলেন, এখন পর্যন্ত পথচলাটা অবিশ্বাস্য ছিল। সামনের দিনগুলো নিয়েও আমরা উচ্ছ্বসিত। গত মৌসুম ছিল আর্সেনালের ইতিহাসের এক অসাধারণ মুহূর্ত, যে মুহূর্তে আমরা এমন স্মৃতি তৈরি করেছি, যা সারা জীবন থাকবে। আগামী বছরগুলোয় আমরা আরও অনেক স্মৃতি গড়তে বদ্ধপরিকর।
তারা আরও বলেন, মিকেলের সঙ্গে আমাদের একটি বিশেষ বন্ধন আছে। ২০১৯ সালে ক্লাবে ফেরার পর থেকে আমরা যা অর্জন করেছি, তার জন্য আমরা গর্বিত।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









