মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে তৃতীয় সেশনের শুরুতেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। জন ক্যাম্পবেলের ফিফটির পর তাকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। এরপর এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে বড় ধাক্কা দেন তাইজুল ইসলাম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১১০ রান। ক্রিজে রয়েছেন ত্যাজনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রেভস।
দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। ইনিংসের পঞ্চম ওভারে হাসান মাহমুদের ফিফথ স্টাম্প লাইনের বলে ব্যাট চালিয়ে উইকেটরক্ষক জাকের আলি অনিকের হাতে ক্যাচ দেন ব্রেন্ডন কিং। ১৫ রান করে ফেরেন এই ওপেনার।
এরপর ত্যাজনারায়ণ চন্দরপলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন জন ক্যাম্পবেল। চন্দরপল ধীরস্থির ব্যাটিং করলেও ক্যাম্পবেল খেলতে থাকেন আক্রমণাত্মক ভঙ্গিতে। বিরতির আগে দুজনের ব্যাটে ভালো অবস্থানে ছিল ওয়েস্ট ইন্ডিজ।
আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে তৃতীয় সেশনের খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। খেলা শুরু হওয়ার পরই আক্রমণে ধার বাড়ান বাংলাদেশের বোলাররা। ফিফটি তুলে নেওয়া ক্যাম্পবেলকে ৫৪ রানে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।
এরপর ৩৬তম ওভারে জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলে কাভেম হজকে আউট করার পর পঞ্চম বলে আমির জাঙ্গোকেও সাজঘরে ফেরান বাঁহাতি এই স্পিনার। হজ করেন ২০ বলে ৭ রান, আর জাঙ্গো কোনো রান না করেই বিদায় নেন। তাতেই চাপে পড়ে ক্যারিবীয়রা।
এর আগে সাদমান ইসলামের সেঞ্চুরিতে বড় সংগ্রহের আশা জাগিয়েও দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিনের শুরুতে বাকি সাত উইকেট হারিয়ে স্বাগতিকরা যোগ করতে পারে মাত্র ৫৯ রান। শেষ ১০ রানের মধ্যে পড়ে চার উইকেট। ফলে ২৭২ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস।
টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করা সাদমান ইসলাম করেন সর্বোচ্চ ১০৫ রান। তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৪২ রান। চোট পাওয়া লিটন দাস ৩৪ রানে অপরাজিত থাকেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান টেস্ট ক্যারিয়ারের চতুর্থবারের মতো পাঁচ উইকেট শিকার করেন। এ ছাড়া শামার জোসেফ ও জশুয়া বিশপ নেন দুটি করে উইকেট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









