কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরে নিখোঁজ হওয়া শান্ত নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে তার মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা।
নিহত শান্ত ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, ঢাকার একটি মাদ্রাসার ১৬ জন শিক্ষক-শিক্ষার্থী কক্সবাজারে বেড়াতে আসেন। তাদের মধ্যে নয়জন ইনানী সৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের ঢেউয়ের ধাক্কায় তারা ভেসে যেতে থাকেন। পরে তাদের মধ্যে আটজন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও শান্ত নিখোঁজ হন।
খবর পেয়ে বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা সাগরে তল্লাশি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর দুপুরে সাগরে ভাসমান অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করা হয়।
ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিমন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









