ওয়ানডেতে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ জিতে ইতিহাসের জন্ম দিল আইসিসির সহযোগি দেশ নামিবিয়া।
পঞ্চম ও শেষ ওয়ানডেতে আইসিসির পূর্ণ সদস্য আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে নামিবিয়া। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতলো নামিবিয়া। দ্বিতীয় ওয়ানডে সিরিজেই জয়ের দেখা পেল দেশটি।
গত সেপ্টেম্বরে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল ২০২৭ সালের বিশ্বকাপের সহ-স্বাগতিক দেশ নামিবিয়া।
প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের কাছে ৫৫ রানে হারে নামিবিয়া। পরের ম্যাচ ৩১ রানে জিতে সিরিজে সমতা ফেরায় নামিবিয়া। আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে সেটিই নামিবিয়ার প্রথম জয় ছিল। তৃতীয় ম্যাচ ৬৩ রানে জিতে ২-১ ব্যবধানে লিড নেয় নামিবিয়া। তবে চতুর্থ ম্যাচ ১৩০ রানে জিতে সিরিজে ২-২ সমতা ফেরায় আয়ারল্যান্ড।
উইন্ডহুকে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নামিবিয়ার বোলারদের তোপে ৩৩.১ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জর্ডান নিল। নামিবিয়ার জেজে স্মুথ ৪টি ও জ্যাক ব্রাসেল ৩টি উইকেট নেন।
জবাবে ২১.২ ওভার ব্যাট করে জয় তুলে নেয় নামিবিয়া। ওপেনার লরেন স্টিসকাম্প ৪৬ ও অধিনায়ক জেরহার্ড ইরাসমুস ১৮ বলে ৩০ রান করেন।
২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্মুথ এবং ২৬৪ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হন ইরামুস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









