টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র দল হিসেবে প্রতি ম্যাচেই অপরাজিত থেকে ফাইনালে ওঠার মিশনে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে প্রোটিয়ারা।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবারের বিশ্বকাপে ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচেই দারুণ শুরু পেয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লেতে দুদল রান তুলেছে যথাক্রমে ৯.৬১ ও ৯.৫৪ রান রেটে।
এতে বড় রানের ম্যাচ হবে এটা একরকম বলা যায়। ইডেন গার্ডেন্সে বড় রানের লক্ষ্য তাড়া করাটা বেশ স্বাভাবিক ব্যাপার। সবশেষ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ১৯৬ রানের লক্ষ্য তাড়া করেছে ভারত। ফলে বলাই যায়, দুদলই চাইবে বড় রানের সংগ্রহ জোগাড় করতে।
প্রথম সেমিফাইনালে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে টস। এবারের আসরে প্রায় প্রতিটি ম্যাচেই বেশ সাবলীলভাবে লক্ষ্য তাড়া করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে নিউজিল্যান্ডের চাওয়া থাকবে টস জিতে আগে বোলিং করা। এমনকি ইডেন গার্ডেন্সের আচরণও সেটাই বলে।
গ্রুপ পর্ব ও সুপার এইটের বাধা পেরোতে বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। একমাত্র বাধা ছিল ভারত; তাদের বিপক্ষেও পেয়েছে দাপুটে জয়। ফলে এটা স্পষ্ট যে, ফাইনালে ওঠার পথে নিউজিল্যান্ড হতে পারে প্রোটিয়াদের প্রধান বাধা। যদিও গ্রুপ পর্বে তাদের হারানোর আত্মবিশ্বাসকে সঙ্গী হিসেবে পাচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয় এবারের সেমিফাইনালে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









