ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার পরাশক্তি শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সোনা জিতেছে ছেলেদের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ের মাধ্যমে আগামী ২১-২৭ জুন ওমানে অনুষ্ঠেয় এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপের টিকিটও হাতে পেয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে পরাজিত করে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল তিনটি দলই সমান ৫ পয়েন্ট পেলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন জানিয়েছে, ম্যাচের শুরুতে শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনের কাছে ২-৩ গেমে হেরে যান বিকেএসপির আবুল হাসেম হাসিব। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাফিজ ইকবাল ৩-০ গেমে দানুক লামাসুরিয়াকে হারান।
এরপর জয় ইসলাম ৩-০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে হারিয়ে দলকে এগিয়ে নেন। শেষ ম্যাচে দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে হারিয়ে নিশ্চিত করেন স্বর্ণ।
বাংলাদেশ ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়রে ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল সোনার পদক জয়লাভ করেছিল। তখন স্বর্ণজয়ী দলের সদস্য ছিল মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিমলিয়ন বম, নাফিজ রেজা এবং আবুল হাসেম হাসিব। ২০২৩ ভারতের অরুনাচল এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ রৌপ্যপদক জয়লাভ করেছিল। গতবছর নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ ব্রোঞ্চ পদক পেয়েছিল।
অন্যদিকে, এবার ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল নেপালকে ৩-১ এবং মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও শ্রীলঙ্কার কাছে ০-৩ সেটে হেরেছে। তাদের শেষ ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে। মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল মালদ্বীপ (১-৩), নেপাল (০-৩) ও শ্রীলঙ্কার (১-৩) বিপক্ষে তিনটি ম্যাচেই হেরেছে। তাদেরও শেষ ম্যাচ ভারতের বিপক্ষে।
অনূর্ধ্ব-১৫ বালিকা দল শ্রীলঙ্কার কাছে ০-৩ এবং নেপালের কাছে ২-৩ সেটে হেরেছে। এই বিভাগে মালদ্বীপ ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ বাকি বাংলাদেশের।
উল্লেখ্য, গত বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ ৭টি ব্রোঞ্জ পদক পেয়েছিল। প্রতিযোগিতা শেষ হবে শনিবার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









