মৌসুমের শেষ দিকে এসে ইংলিশ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই এখন শীর্ষে। সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে শীর্ষস্থান হারানোর পর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর্সেনাল কি শেষ পর্যন্ত শিরোপা জিততে পারবে?
সারা মৌসুম জুড়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে শীর্ষে ছিল আর্সেনাল। তবে শেষ দিকে সুযোগ কাজে লাগিয়েছে ম্যানচেস্টার সিটি। গোলসংখ্যায় এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠে গেছে পেপ গার্দিওলার দল, ফলে চাপ এখন পুরোপুরি আর্সেনালের ওপর।
ইতিহাদে গুরুত্বপূর্ণ ম্যাচ হারের পর মানসিকভাবে কিছুটা ধাক্কা খেয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। তবে দলের ভেতরে এখনো আত্মবিশ্বাস রয়েছে। অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং মিডফিল্ডার ডেকলান রাইস বারবারই বলছেন, লড়াই এখনো শেষ হয়নি।
দলের অন্যতম সেরা তারকা বুকায়ো সাকা ইনজুরিতে থাকায় আক্রমণভাগ কিছুটা দুর্বল হয়ে পড়েছে। পাশাপাশি ব্যস্ত সূচি এবং স্কোয়াডের সীমাবদ্ধতাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ম্যানচেস্টার সিটি সবসময়ই শেষ দিকে এসে নিজেদের সেরা খেলাটা তুলে ধরে। অভিজ্ঞতা, স্কোয়াড গভীরতা এবং ধারাবাহিকতা, সব মিলিয়ে তারা এখনো শিরোপা দৌড়ে এগিয়ে।
তবু আশা হারাচ্ছে না আর্সেনাল। বাকি ম্যাচগুলোতে জয়ের ধারা ধরে রাখতে পারলে এবং সিটির যেকোনো পয়েন্ট হারানো কাজে লাগাতে পারলে শিরোপা জয়ের স্বপ্ন বাস্তব হতে পারে।
লিগ শিরোপা দৌড়ে এখন প্রতিটি ম্যাচই ফাইনালের মতো। হাতে আর মাত্র পাঁচটি ম্যাচ। এমতাবস্থায় আজ নিজেদের মাঠে নিউক্যাসলকে হারাতে পারলেই আবারও শীর্ষে উঠবে আর্সেনাল।
বর্তমানে গোলসংখ্যায় পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্সেনাল। তবে আজকের ম্যাচে জয় পেলেই আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করবে মিকেল আর্তেতার দল। শুধু তাই নয়, এই জয় তাদের জন্য আরও বড় স্বস্তি বয়ে আনতে পারে।
কারণ, লিগের মাঝখানে সামনে রয়েছে গুরুত্বপূর্ণ ইউরোপীয় লড়াই। উএয়ফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকোর বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল।
যদি আজ নিউক্যাসলকে হারানো যায়, তাহলে অন্তত ১০ দিনের জন্য শীর্ষে থাকার সুযোগ পাবে গানার্সরা। কারণ ৫ মে’র আগে সিটির আর কোনো প্রিমিয়ার লিগ ম্যাচ নেই। এই সময়টা মানসিকভাবে এগিয়ে থাকার জন্য বড় ভূমিকা রাখতে পারে।
শিরোপা লড়াইয়ের এমন সংকটময় মুহূর্তে আর্সেনালের জন্য আজকের ম্যাচটি হয়ে উঠেছে ‘মাস্ট উইন’। জয় পেলে শুধু পয়েন্ট টেবিলেই নয়, আত্মবিশ্বাসেও বড় লিড পাবে দলটি। আর হোঁচট খেলে শিরোপার স্বপ্ন আরো কঠিন হয়ে উঠতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









