চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ১-১ ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। বুধবার রাতে স্পেনের মেত্রোপলিতানো স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে গোল দুটিই এসেছে পেনাল্টি থেকে।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ডি-বক্সের ভেতরে ফাউলের শিকার হন আর্সেনালের সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস। পেনাল্টি থেকে নিখুঁত শটে গানারদের লিড এনে দেন তিনি। তবে বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ৫৫ মিনিটে আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইটের হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় অ্যাটলেটিকো। সেখানে থেকে জুলিয়ান আলভারেজের শটে সমতা আসে
পুরো ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ বল দখল এবং আক্রমণে অনেক বেশি আধিপত্য দেখালেও আর্সেনাল দেয়াল ভাঙতে পারেনি। বিশেষ করে গোলরক্ষক ডেভিড রায়া ও রক্ষণভাগের দৃঢ়তায় একের পর এক আক্রমণ নস্যাৎ হয়ে যায়। ম্যাচের শেষ দিকে দ্বিতীয়বারের মতো পেনাল্টি পায় আর্সেনাল। কিন্তু ভিএআর রিভিউতে সেই সিদ্ধান্ত বাতিল হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফেরার সুযোগ এখনো আর্সেনালের সামনে আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









