৩৯তম জন্মদিনে ব্যাট করতে নেমে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। মুশফিকের এই দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে বড় সংগ্রহের পথে থাকা বাংলাদেশ মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে ৭ উইকেটে ৩৮০ রান নিয়ে। প্রথম সেশন শেষে টাইগারদের দলীয় পুঁজি এখন ৪০০ রানের দোরগোড়ায়, আর মুশফিককে ঘিরে সমর্থকদের প্রত্যাশা—দিনটি তিনি রাঙাবেন দারুণ এক সেঞ্চুরিতে।
বিরতিতে যাওয়ার আগে মুশফিক ১৭৬ বলে ৭১ এবং এবাদত হোসেন শূন্য রানে অপরাজিত আছেন। এর আগে নাজমুল হোসেন শান্তর রেকর্ডগড়া সেঞ্চুরি এবং মুমিনুল হকের ৯১ রানের আক্ষেপ নিয়ে বাংলাদেশ ৪ উইকেটে ৩০১ রান তুলে মিরপুর টেস্টের প্রথম দিন শেষ করে। আজকের (শনিবার) প্রথম সেশনে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান যোগ করলেন মুশি-লিটনরা।
মুশফিক টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। তবে আরেকটি রেকর্ডে ছাড়িয়ে গেলেন স্বদেশি সব ব্যাটারকে। ভেঙেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালের কীর্তি। এই ম্যাচ শুরুর আগে টেস্টে টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪১টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার রেকর্ড ছিল যৌথভাবে তামিম ও মুশফিকের। এরপর আজ (শনিবার) সাবেক সতীর্থ ও বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতিকে ছাড়িয়ে গেলেন মুশি। তামিমকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে আছেন মুমিনুল হকও। টেস্টে তার পঞ্চাশোর্ধ রানের ইনিংস ৩৯টি।
দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারে শাহিন আফ্রিদির বলে মুশফিক সিঙ্গেল নিয়ে হাফসেঞ্চুরি করেছেন। ভালো শুরু পেয়েছেন অপর সঙ্গী লিটন দাসও। টানা তিনটি চার হাঁকান আফ্রিদির এক ওভারে। যদিও টিকতে পারেননি বেশিক্ষণ। স্লিপে একবার জীবন পেলেও মুহাম্মদ আব্বাসের বলে বিলাসী শট খেলার চেষ্টায় ৬৭ বলে ৩৩ রানে তালুবন্দী হয়েছেন লিটন। এরপর একটি করে চার-ছক্কায় ১০ রান করে ইমাম-উল-হককে ক্যাচ শিখিয়ে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। তিনিও আব্বাসের শিকার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









