বগুড়ার সারিয়াকান্দিতে নেশার টাকা না পেয়ে মিমি বেগম (২৬) নামে এক গৃহবধূকে কোরবানির ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তার স্বামী।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া (উত্তর দেবের পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক স্বামী রুবেল মন্ডলকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক রুবেল ওই গ্রামের ওমর আলী মন্ডলের ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুবেল মন্ডল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গতকাল বুধবার থেকে তিনি নেশার টাকার জন্য তার স্ত্রী মিমি বেগমের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি পুনরায় স্ত্রীর নিকট নেশার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তাদের মধ্যে তীব্র তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে রুবেল উত্তেজিত হয়ে ঘরে থাকা কোরবানির ছাগল জবাই করার ধারালো চাকু দিয়ে মিমি বেগমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মিমির মৃত্যু হয়।
চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে ঘাতক রুবেলকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিকে নিজেদের হেফাজতে গ্রহণ করে এবং সুরতহাল প্রতিবেদন জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া শুরু করে।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান এদিন প্রতিবেদককে জানায়, মাদকাসক্ত স্বামী তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা ঘাতককে আটক করেছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









