আজ কি থামবে বৃষ্টি? এমন প্রশ্ন যাঁদের মনে ঘুরপাক খাচ্ছে, তাঁদের জন্য সুখবর দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার অন্তত কমছে না এই বাদল ধারা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের শুরুতেই সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীতে নেমে আসে মুষলধারে ঝুম বৃষ্টি, যা কর্মজীবী ও সাধারণ মানুষকে ফেলেছে চরম ভোগান্তিতে। আবহাওয়াবিদদের মতে, সকালের মেঘলা আকাশই জানান দিচ্ছে সারা দিনের সম্ভাব্য বৈরী রূপের।
রাজধানীতে আজ একটানা বৃষ্টি না হলেও থেমে থেমে বৃষ্টি হতে পারে সারা দিন। আকাশের মেঘ কাটার সম্ভাবনাও কম।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া আজ সকালে প্রথম আলোকে বলেন, রাজধানী ও আশপাশে সারা দিন বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এমন নয় যে একটানা হবে। রাজধানীতে আসলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে অতি ভারী বৃষ্টি বলতে যা বোঝায়, তার সম্ভাবনা কম।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। এর মধ্যে ঢাকা বিভাগও আছে।
গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল ঢাকা বিভাগে। এর পরিমাণ ১৭৫ মিলিমিটার। তবে রাতের দিকে রাজধানীর বৃষ্টি কমে এসেছিল। গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানান আবদুল হামিদ মিয়া। তিনি বলেন, বৃষ্টি বেশি হয়েছে সকাল সাতটার পর থেকে। বৃষ্টি দিনের পুরোটা সময়ই থাকতে পারে। আকাশ মেঘলা থাকবে সারা দিনই।
যদি কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলা হয়। বৃষ্টির পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হলেই তা অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য হয়।
রাজধানীসহ সারা দেশে প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে দেশের অন্তত সাত জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে দক্ষিণ–পূর্বের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টি কমে আসার সম্ভাবনা আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









