বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে আজ সোমবার (১৩ জুলাই) ঢাকা-বরিশাল মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দক্ষিণাঞ্চলে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর হওয়ায় ভোর থেকেই মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢাকা থেকে সড়কপথে ঐতিহাসিক পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা দিলে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে তাঁকে বর্ণাঢ্য শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।
মানবিক ও পরিবেশ উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ
সফরসূচি অনুযায়ী, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল ১০টা ৩০ মিনিটে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে সকাল ১০টা ৪০ মিনিটে একই এলাকায় দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এছাড়া দুপুর ১২টা ৩০ মিনিটে বরিশাল সিটি করপোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিকেল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
মহাসড়কজুড়ে উৎসবের আমেজ
ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে পদ্মা সেতু, শরীয়তপুরের পদ্মা দক্ষিণ থানা এলাকা, মাদারীপুরের শিবচরের পাচ্চর, ফরিদপুরের ভাঙ্গা মোড়, রাজৈর, সদর উপজেলার মুস্তফাপুর, কালকিনি ও ভুরঘাটাসহ বিভিন্ন এলাকায় সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ অবস্থান নেন। নেতাকর্মীদের হাতে ছিল তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড, দলীয় পতাকা এবং নানা রঙের ব্যানার। ‘স্বাগতম’ ও ‘শুভেচ্ছা’ স্লোগান, ব্যান্ড পার্টি, ঢোলবাদন ও করতালিতে পুরো মহাসড়কজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।
মাদারীপুরে ব্যাপক শোডাউন
তাঁর আগমনকে কেন্দ্র করে মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ব্যাপক শোডাউন করে। জেলা সদরের প্রবেশমুখে বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিলুর রহমান মিঠু, জেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন মুফা, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।
অন্যদিকে শিবচরের পাচ্চর এলাকায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান নূর উদ্দিন মোল্লা, বর্তমান আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ কয়েক হাজার নেতাকর্মী নিয়ে মহাসড়কে অবস্থান করেন।
নিরাপত্তা ব্যবস্থা
সড়কপথের এই সফরকে কেন্দ্র করে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও বরিশাল জেলা পুলিশসহ হাইওয়ে পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল শিল্পকলা একাডেমির সাংগঠনিক সভা শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









