তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও, কুমিল্লার বাঙ্গরা ও চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর। নতুন থানাটি হলো চট্টগ্রামের হালদা। গতকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া নিকার বৈঠকে রাজধানীর উপকণ্ঠে গড়ে ওঠা পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনিক জটিলতা দূর করে একক কর্তৃপক্ষের অধীন প্রকল্পটি পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিকারের প্রস্তাব অনুসারে, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে গঠন করা হয়েছে বাঙ্গরা উপজেলা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। নতুন তিন উপজেলা নিয়ে দেশে উপজেলার সংখ্যা হচ্ছে ৫০৩টি। আর থানার সংখ্যা দাঁড়াচ্ছে ৬৪০টিতে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের বড় একটি অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং অন্য অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। তিন জেলায় বিভক্ত থাকায় প্রকল্পটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন ধরে জটিলতা তৈরি হচ্ছিল। এ সমস্যা দূর করতে প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নিকার সভায় সেই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
প্রস্তাবে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাভুক্ত গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার পাড়াবার্থা (আংশিক) ও বড়কাউ (আংশিক) সহ মোট দুটি মৌজা এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাইজগাঁও, হারারবাড়ী, ভোলানাথপুর, সুলপিনা ও পিতলগঞ্জ মৌজাসমূহ পূর্ণাঙ্গভাবে এবং ইউসুফগঞ্জ, পশি, টেকনোয়াদ্দা, গুতিয়াব, বাঘবের, ব্রাহ্মণখালী, কামতা, হিরনাল ও রঘুরামপুর মৌজাসমূহ আংশিকভাবে মোট ১৪ টি মৌজাসহ সর্বমোট ১৬টি মৌজার ৬০২১.৬১২৫ একর জায়গা ঢাকা জেলায় অন্তর্ভুক্তপূর্বক ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।
দক্ষিণ গফরগাঁও উপজেলা : ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত পাগলা থানাধীন ৮ টি ইউনিয়নের সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামক নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে নিকার কমিটি। প্রস্তাবে বলা হয়- ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ১টি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের মধ্য হতে ৮ টি ইউনিয়ন নিয়ে পাগলা থানাকে দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা গঠিত হবে। এই উপজেলার অধীন থাকবে পাগলা থানার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো যথাক্রমে- মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাঙ্গাব। এই ৮ ইউনিয়নের সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।
বাঙ্গরা উপজেলা : কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ নামক নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্য থেকে ১০টি ইউনিয়ন নিয়ে এই নতুন উপজেলা গঠিত হবে। ইউনিয়নগুলো হলো- শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) এবং টনকী।
ফটিকছড়ি উত্তর উপজেলা : চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চলীয় এলাকা নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ফটিকছড়ি উপজেলার ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের মধ্য থেকে ৬টি ইউনিয়ন নিয়ে এটি গঠিত হবে। ইউনিয়নগুলো হলো- বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি এবং সুয়াবিল।
হালদা থানা : চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন ‘হালদা থানা’ স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। হাটহাজারী থানা এলাকার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মধ্যে থেকে ৫টি ইউনিয়ন নিয়ে এই নতুন থানা গঠিত হবে। ইউনিয়নগুলো হলো- ১০নং উত্তর মাদার্শা ১২নং চিকনদণ্ডী ১৩নং দক্ষিণ মাদার্শা ১৪নং শিকারপুর এবং ১৫নং বুড়িশ্চর।
অন্যদিকে, সড়ক ও জনপথ অধিদপ্তরের পুনর্গঠনের অংশ হিসেবে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ—এই পাঁচটি সড়ক বিভাগ নিয়ে বগুড়ায় একটি স্বতন্ত্র সড়ক জোন প্রতিষ্ঠার প্রস্তাবও নিকার সভায় উপস্থাপন করা হয়। তবে এটি নিকারের এখতিয়ারভুক্ত নয় উল্লেখ করে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সূত্র জানিয়েছে। সূত্রটি আরো জানায়, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের আওতাভুক্ত। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিজস্ব প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত নেবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে পূর্বাচলের সেক্টর-১ এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রাজউকের সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে আইজিপি বলেন, বরকাউ পুলিশ ক্যাম্প চালুর মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ডিএমপির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হলো। পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে পূর্বাচলকে গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি জানান, পূর্বাচল এলাকায় ডিএমপির আওতায় চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইনস এবং তিনটি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের কাজও চলমান রয়েছে। আইজিপি আরো বলেন, পূর্বাচলের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানা ও তদন্তকেন্দ্র স্থাপনের প্রশাসনিক অনুমোদন দিয়েছে। বাংলাদেশ পুলিশের জন্য ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে রাজউক। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জমির নিবন্ধন প্রক্রিয়া চলমান। তিনি জানান, ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে পুরোপুরি ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে স্বতন্ত্র পুলিশ বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রায় ৬ হাজার ৫২৪টি নতুন জনবল সৃষ্টির প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









