কক্সবাজারে প্রিজন ভ্যানে পাচারের সময় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রিজন ভ্যানের চালক মো. ফয়সালকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে শহরের হোটেল মোটেল জোন এলাকার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার একটি দল জানতে পারে, একটি প্রিজন ভ্যানে করে বিপুল পরিমাণ ইয়াবা টেকনাফ থেকে কক্সবাজারে আনা হচ্ছে। তথ্যের ভিত্তিতে শহরের হোটেল-মোটেল জোন এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন প্রিজন ভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ভ্যানটির বাম্পারের ভেতরে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনের অভিযোগে প্রিজন ভ্যানের চালক মো. ফয়সালকে আটক করা হয়। আটক ফয়সাল টেকনাফ উপজেলার নয়াপাড়া এলাকার মৃত জহির আহমদের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত চালক জানান, টেকনাফের গফুর নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি ইয়াবার চালানটি সংগ্রহ করেন। এগুলো কক্সবাজার শহরে এক নারীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। চালানটি নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারলে পারিশ্রমিক হিসেবে তিনি ১৫ হাজার টাকা পাওয়ার কথা ছিল বলেও জানান তিনি।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার হওয়া ইয়াবা ও আটক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি এবং ইয়াবা পাচারকারী চক্রকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









