সিলেটের বিয়ানীবাজারে পারিবারিক কলহের জেরে বাবার ধারালো দায়ের কোপে রায়কা আক্তার রিয়া (১৭) নামের এক কিশোরী নিহত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিয়া উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের মেয়ে। সে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে নানাবাড়ির পুকুরে গোসল করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রিয়া। এতে তার বাবা আবু বক্কর বাধা দেন এবং আপত্তি জানান। এ নিয়ে বাবা-মেয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবু বক্কর ধারালো দা দিয়ে রিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই রিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল করিম এদিনকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









