সারাদেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অসদুপায় অবলম্বনের দায়ে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিজ্ঞপ্তিতে জানান, প্রথম দিনের বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক ছিল। নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের নিবন্ধিত আট লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন আট লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ০১ শতাংশ।
বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীরা হলেন- ঢাকা বোর্ডে তিন হাজার ৯৭১ জন, রাজশাহীতে দুই হাজার ৪৬৭ জন, কুমিল্লায় এক হাজার ৭৯৫ জন, যশোরে দুই হাজার ৭৮ জন, চট্টগ্রামে এক হাজার ৩৪০ জন, সিলেটে এক হাজার ১২৭ জন, বরিশালে এক হাজার ৩৪৬ জন, দিনাজপুরে এক হাজার ৯৩৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৮২ জন। অসদুপায়ের দায়ে নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে কুমিল্লা বোর্ডে একজন, যশোর বোর্ডে দুজন, দিনাজপুর বোর্ডে একজন এবং ময়মনসিংহ বোর্ডে একজনসহ পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষাবোর্ডের কুরআন মাজিদ পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থী ছিলেন ৮০ হাজার ৬৫৩ জন। এ বোর্ডে চার হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং অসদুপায়ের দায়ে একজনকে বহিষ্কার করা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন তিন হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজন পরীক্ষার্থীকে।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের প্রতিবেদনে জানানো হয়, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরে আরও আটটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এ বছর সারাদেশে সাধারণ শিক্ষাবোর্ডের এক হাজার ৬২০টি, মাদ্রাসা শিক্ষাবোর্ডের ৪৬০টি এবং কারিগরি শিক্ষাবোর্ডের ৬১১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









