বিশ্বকাপের দুই সেমিফাইনালেই মুখোমুখি হচ্ছে ফুটবলের পরাশক্তিরা। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি টিকিটের বাজারেও স্পষ্ট পার্থক্য দেখা গেছে। বিশেষ করে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা অন্য সেমিফাইনালের তুলনায় অনেক বেশি। টিকিট ট্র্যাকিং সংস্থা টিকিটডাটাডটকম-এর তথ্য অনুযায়ী, সোমবার (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) পর্যন্ত ডালাসে অনুষ্ঠিতব্য ফ্রান্স-স্পেন সেমিফাইনালের একটি টিকিটের গড় মূল্য ছিল ১,৩২৫ মার্কিন ডলার।
গত তিন দিনে এই ম্যাচের টিকিটের দাম প্রায় ২৬ শতাংশ কমেছে। অন্যদিকে, আজ বুধবার আটলান্টায় অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের টিকিটের গড় মূল্য পৌঁছেছে ২,৮৪১ মার্কিন ডলারে, যা গত তিন দিনে ৩৪ শতাংশ বেড়েছে। শনিবার এই ম্যাচের টিকিটের দাম সর্বোচ্চ ২,৯৬৬ ডলার পর্যন্ত উঠেছিল। পরে কিছুটা কমে গেলেও আবারও মূল্য বেড়েছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জনপ্রিয়তা এবং লিওনেল মেসির আকর্ষণই এই ম্যাচের টিকিটের চাহিদা বাড়িয়ে দিয়েছে। এছাড়া মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডে আর্জেন্টাইন সমর্থকদের বড় উপস্থিতিও এই আগ্রহে ভূমিকা রাখছে।
এদিকে, শনিবার মিয়ামিতে অনুষ্ঠিতব্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের গড় মূল্য ১,৫৪৩ মার্কিন ডলার, যা আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের তুলনায় প্রায় অর্ধেক।
সবচেয়ে বেশি দাম অবশ্য বিশ্বকাপ ফাইনালের টিকিটের। রবিবার নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের টিকিটের বর্তমান গড় মূল্য ৬,৭৬০ মার্কিন ডলার। যদিও গত ৭২ ঘণ্টায় এর দাম প্রায় ৬ শতাংশ কমেছে। গত অক্টোবরে এই ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য ১৩,৬৫০ ডলার পর্যন্ত উঠেছিল।
এদিকে ফিফা শেষ মুহূর্তে টিকিট বিক্রির জন্য নতুন করে ক্যাটাগরি-২ এর প্রায় ১,২০০টি টিকিট ছেড়েছে, যার প্রতিটির মূল্য ৭,৩৮০ মার্কিন ডলার। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফাইনালের জন্য স্টেডিয়ামের উপরের গ্যালারির পাঁচটি সেকশনে মোট ১,১৭৮টি আসন এখনও বিক্রির জন্য রয়েছে।
‘আমাদেরও কেইন-বেলিংহ্যাম আছে’
উত্তর আমেরিকা বিশ্বকাপে, আর্জেন্টিনাকে বলতে গেলে একাই টানছেন লিওনেল মেসি। দলটির ১৭ গোলের ৮টিই তার করা। ইংল্যান্ড ছুটছে হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম জুটির কাঁধে সওয়ার হয়ে। মেসির প্রশংসা করলেও, নিজের দল নিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ডের।
চলতি আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায়, মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ৮টি করে গোল নিয়ে চূড়ায়। তাদের পেছনেই আছেন ইংল্যান্ডের কেইন ও বেলিংহ্যাম, দুজনের নামের পাশে গোল ৬টি করে। কোয়ার্টার-ফাইনালে জোড়া গোলে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন বেলিংহ্যাম।
মেসি এবারের বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ গোল পাওয়ার পর, কোয়ার্টার-ফাইনালে পাননি জালের দেখা। ওই ম্যাচে আলো ছড়িয়েছিলেন, আক্রমণভাগের অন্য দুই তারকা হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস। এখন পর্যন্ত মার্তিনেসের গোল ২টি। আলভারেস সুইজারল্যান্ড ম্যাচে খুলেছেন গোলের খাতা।
মেসিকে প্রশংসায় ভাসালেন পিকফোর্ড। ৩২ বছর বয়সী এই ইংলিশ গোলকিপারের দৃষ্টিতে আর্জেন্টাইন তারকা সর্বকালের সেরাদের একজন, কিন্তু নিজেদের সব বিভাগে নির্ভর করার মতো খেলোয়াড়ও আছে, দৃঢ় কণ্ঠে বললেন তিনি। তাঁর ভাষায়, ‘আমি মেসিকে নিয়ে বলব, কেননা সে এই খেলাটির সর্বকালের সেরাদের একজন, কিন্তু আমাদের স্কোয়াডের মান এবং আক্রমণ, রক্ষণে আমাদের যে মেধা আছে, আমাদের যে একতা, সেটাও আপনি উপেক্ষা করতে পারবেন না। তিন বিভাগেই আমাদের মেধাবী খেলোয়াড় আছে এবং বুধবার সবকিছু একত্রিত করে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা কেবল মেসিকে নিয়েই কথা বলতে পারি না। আর্জেন্টিনা ভালো দল এবং তারা বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু আমাদের দলের এগিয়ে যাওয়ার সামর্থ্য আছে এবং আমাদের রক্ষণ ভাঙা কঠিন।’
দ্বিতীয় সেমি-ফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় ১টায় (এএম) আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। শিরোপা ধরে রাখার অভিযানে ছুটছে আর্জেন্টিনা। ১৯৬৬ সালের পর দ্বিতীয় শিরোপার স্বাদ নিতে মরিয়া ইংল্যান্ড। আর্জেন্টিনা বাধা পার হতে একটা দল হিসেবে খেলার প্রয়োজনীয়তা অনুভব করছেন পিকফোর্ড। বলছেন, ‘আমাদের সেই দৃঢ়তা আছে। সেই ঐক্য ও মানসিকতা আছে। এগুলোই আমাদের একটি ভালো দল হিসেবে তৈরি করেছে।’
ইংল্যান্ডকে এগিয়ে রাখল সুপার কম্পিউটার
বিশ্বকাপের ফাইনাল থেকে আর মাত্র একটি ম্যাচ দূরে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সেই স্বপ্নপূরণের পথে তাদের সামনে দাঁড়িয়ে আছে শক্তিশালী ইংল্যান্ড। দুই ফুটবল পরাশক্তির এই সেমিফাইনাল ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। আগামীকাল ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচের আগে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে আর্জেন্টিনার চেয়ে সামান্য এগিয়ে রাখা হয়েছে থ্রি লায়ন্সদের।
ফুটবল বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, সেমিফাইনাল পেরিয়ে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০ দশমিক ৯৪ শতাংশ। অন্যদিকে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান খুবই সামান্য হলেও হিসাবের খাতায় এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী হিসেবে, সেমিফাইনাল ম্যাচটিতে হ্যারি কেইনদের জেতার সম্ভাবনা ৩৮ দশমিক ২ শতাংশ, মেসিদের জেতার সম্ভাবনা দেখানো হয়েছে ৩২ দশমিক ০ শতাংশ। আর নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল না আসার সম্ভাবনা রয়েছে ২৯ দশমিক ৭ শতাংশ। সুপার কম্পিউটার বলছে, এবারের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার ২০ দশমিক ৫৫ শতাংশ, ইংলিশদের ২১ দশমিক ৯৪ শতাংশ।
বিশ্বকাপের ইতিহাসও আর্জেন্টিনার জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। আসরের মঞ্চে দুই দলের দেখা হয়েছে পাঁচবার। এর মধ্যে তিনবার জিতেছে ইংল্যান্ড, দুবার জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার একটি জয় এসেছে টাইব্রেকারে, আর আরেকটি ম্যাচকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক ও আলোচনা রয়েছে। তবে ইতিহাস কিংবা পরিসংখ্যানের বাইরে বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে লিওনেল স্কালোনির দল। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলতে থাকা আর্জেন্টিনা আত্মবিশ্বাসী, অন্যদিকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ডও। ফলে দুই দলের লড়াইয়ে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতারই আভাস মিলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









