ছোটপর্দা ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার ও সমসাময়িক নানা বিষয় নিয়ে নিয়মিত মতামত প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে অভিনয়জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন শবনম ফারিয়া। সেখানে তিনি দাবি করেন, মিডিয়ায় ১৪ বছরের ক্যারিয়ারে কেউ কখনো তাকে সরাসরি বা ইঙ্গিতপূর্ণভাবে কোনো আপত্তিকর প্রস্তাব দেওয়ার সাহস দেখায়নি।
ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয় করলেও পরিবারের সিদ্ধান্তে স্নাতক শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত অভিনয়ে আসেননি।
২০১৫ সালে স্নাতক শেষ করার পর নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। ২০২০ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে কাজ করার পর করোনাকাল ও ব্যক্তিগত জীবনের পরিবর্তনের কারণে অভিনয় থেকে কিছুটা বিরতি নেন।
শারীরিক অসুস্থতার প্রসঙ্গে শবনম ফারিয়া জানান, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওএস)-এর কারণে তার ওজন বেড়ে যায়। ফলে ক্যামেরার সামনে আগের মতো স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। পরে অভিনয় কমিয়ে ওজন নিয়ন্ত্রণে মনোযোগ দেন। একই সময়ে মাস্টার্স সম্পন্ন করে চাকরিতেও যোগ দেন।
মিডিয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ ১৪ বছরে কেউ কোনো দিন, সরাসরি কিংবা আকারে-ইঙ্গিতে, আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহস পায়নি।’
তিনি বলেন, একজন মানুষ তার ব্যক্তিগত পরিসরে কাকে কতটা প্রবেশাধিকার দেবেন, তা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত। নিজের সীমারেখা সম্পর্কে সচেতন থাকায় কেউ তা অতিক্রম করার সুযোগ পায়নি বলেও মন্তব্য করেন তিনি।
শবনম ফারিয়া আরও জানান, মিডিয়ার অধিকাংশ সহকর্মীর কাছ থেকে সবসময় সম্মান ও ভালোবাসা পেয়েছেন। ২০১৯ সালে তার বিয়ের সময়ও পুরো বিনোদন অঙ্গন পাশে ছিল বলে উল্লেখ করেন তিনি।
নিজেকে ঘিরে প্রচলিত নানা ধারণা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে একমাত্র প্রচলিত অভিযোগ হলো তিনি কিছুটা রাগী। এর বাইরে তাকে ঘিরে ছড়ানো বিভিন্ন অভিযোগ ও গুজবের কোনো ভিত্তি নেই। কেউ কোনো ঘটনার দাবি করলে তার প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান তিনি।
কাজ পাওয়ার বিষয়ে শবনম ফারিয়া বলেন, তিনি কখনো কোনো প্রযোজকের সঙ্গে কাজের জন্য সরাসরি যোগাযোগ করেন না; বরং পরিচালকরাই তার সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে পরিচালক-প্রযোজকদের নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো কথিত ব্যক্তিগত পার্টির গুঞ্জনও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
মিথ্যা বা মানহানিকর তথ্য প্রচার করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন শবনম ফারিয়া। তিনি জানান, প্রয়োজন হলে সংশ্লিষ্ট কথোপকথনের স্ক্রিনশট, কল রেকর্ডসহ প্রয়োজনীয় প্রমাণ প্রকাশ করবেন এবং আইনি পদক্ষেপ নিতেও পিছপা হবেন না।
পোস্টের শেষাংশে গুজব ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে তিনি লেখেন, ‘বুঝে-শুনে গুজব ছড়াতে হয়। ডায়নামাইটে হাত দিলে তো হবে না। সবাই জানে, এখানে হাত বাড়ালে ব্লাস্ট হবেই। এসব রিউমার ছড়ানোর জন্য খুব খারাপ মানুষ বেছে নিয়েছেন।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









