টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলী হাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় ২ ফুট পানির নিচে তলিয়ে যায়। যার কারণে এই রুটে ট্রেন চলাচল পাঁচদিন বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। এতে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে রেলওয়ে।
চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত পুরোপুরি বন্ধ ছিল। এ রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকিট ফেরত নিতে হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে। এসব টিকিটের বিপরীতে দিতে হয়েছে ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকা। ট্রেন চলাচল বন্ধ থাকায় পরবর্তী কয়েকদিনের অগ্রিম টিকিট বিক্রিও ব্যাহত হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল টানা বন্ধ থাকায় যাত্রীসেবায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমাতে রেললাইনের ঝুঁকিপূর্ণ অংশে টেকসই অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা করা দরকার। সেই সঙ্গে নিয়মিত তদারকি প্রয়োজন।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, তিনদিন পানির নিচে ছিল রেললাইন। পানি নেমে যাওয়ার পরও নিরাপত্তার স্বার্থে আমরা পাঁচদিন ট্রেন চলাচল বন্ধ রেখেছিলাম। পরে ১২ জুলাই সীমিত গতিতে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, অতিবৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটের রেললাইন দুই ফুট পানিতে তলিয়ে যায়। এতে অবকাঠামোর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই ট্রেন চলাচল পাঁচদিন বন্ধ রাখা হয়েছিল। পরে পানি নেমে গেলে সরেজমিন পরিদর্শন শেষে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









